২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাবিথ ঋণ শোধ করেছেন ‘পরে’

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল তার খেলাপি ঋণের প্রায় আড়াই কোটি টাকা নির্ধারিত সময়ের পরে পরিশোধ করেছেন বলে জানিয়েছে সোনালী ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেখ আবদুল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 06:12 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

২৮ এপ্রিল অনুষ্ঠেয় এই নির্বাচনের আপিল কর্তৃপক্ষকে চিঠিতে সোনালী ব্যাংক আরও বলেছে, এই ঋণের জামিনদার হিসেবে তাবিথের বাবা আব্দুল আউয়াল মিন্টুও এই নির্বাচনে ঋণ খেলাপি।

ঋণ খেলাপি ব্যক্তি আইন অনুযায়ী নির্বাচনে অযোগ্য। তাবিথের বিরুদ্ধে সোনালী ব্যাংকের ঋণ খেলাপের অভিযোগের শুনানি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুনানি হচ্ছে।

এই নির্বাচনের আপিল কর্তৃপক্ষ ঢাকার বিভাগীয় কমিশনার জিল্লার রহমানের রায়ে নির্ধারিত হবে, তাবিথের প্রার্থিতা বহাল থাকবে কি থাকবে না।

নিয়ম অনুযায়ী, সিটি নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থীদের খেলাপি ঋণের তথ্য জানাতে বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে সব ব্যাংককে অনুরোধ জানিয়েছিল নির্বাচন কমিশন।

ইসি কর্মকর্তারা জানান, মনোনয়নপত্র দাখিলের আগে কোনো প্রার্থী খেলাপি ঋণ পুনঃতফসিল বা পরিশোধ করলে নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৯ মার্চ; সোনালী ব্যাংক বলছে, ওই সময়ে ঋণ খেলাপি ছিলেন তাবিথ।     

বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) থেকে পাওয়া তথ্যে দেখা যায়, এবারের সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা ৯৩ জন ঋণ খেলাপি। তবে তার মধ্যে তাবিথ আউয়ালের নাম নেই।

এ বিষয়ে সিআইবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে তথ্য নিয়ে নির্বাচন কমিশনকে দেয়। আমরা যে তথ্য পেয়েছি সেগুলোই পাঠিয়েছি।”

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিন্টুর সঙ্গে তাবিথও ঢাকা উত্তরে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন।

রিটার্নিং কর্মকর্তার যাচাইয়ে মিন্টুর মনোনয়নপত্র বাতিল হলেও টিকে যায় তাবিথের আবেদন। মিন্টু আপিল করেও হেরে যান। এরপর আদালতে গিয়েও বিফল হন।

ঢাকা উত্তরে মিন্টু বাদে বিএনপির অন্য কোনো নেতা মনোনয়নপত্র জমা না দেওয়ায় দলটি থেকে তাবিথকে সমর্থন দেওয়ার আলোচনা রয়েছে। তাবিথ সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখাও করেছেন।

তাবিথকে বিএনপির সমর্থন নিয়ে আলোচনার মধ্যেই তার বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগ এনেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক।  

ঢাকার বিভাগীয় কমিশনারকে দেওয়া চিঠি অনুযায়ী, গত ১ এপ্রিল পর্যন্ত এই ব্যাংকের শিল্পভবন শাখায় ২ কোটি ৪৮ লাখ ৫৪ হাজার ৪৩০ টাকার খেলাপি ঋণ তাবিথের।

তাবিথ আউয়াল এই ঋণ নিয়েছেন মেসার্স কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের জন্য, যার ব্যবস্থাপনা পরিচালক তিনি।

কে অ্যান্ড কিউ লিমিটেড মাল্টিমোড গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। এই গ্রুপের চেয়ারম্যান মিন্টু, তাবিথ উপ প্রধান নির্বাহী কর্মকর্তা। 

২৯ মার্চ ছিল সিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এই দিনও তাবিথ আউয়াল সোনালী ব্যাংকের ‘ব্যাংকার্স বুক অব একাউন্টে’ খেলাপি ঋণ গ্রহীতা ছিলেন।

সোনালী ব্যাংকের শিল্প ভবন শাখার ব্যবস্থাপক সুধন চন্দ্র দাস ঢাকার বিভাগীয় কমিশনারকে চিঠি দিয়ে তাবিথের ঋণ খেলাপের তথ্য জানান।

সুধন দাসের চিঠিতে বলা হয়েছে, “ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। কিন্তু তিনি ১ এপ্রিল সোনালী ব্যাংকের শিল্পভবন শাখায় ঋণ খেলাপি ছিলেন।”

“ওই ঋণের ব্যক্তিগত জামিনদাতা ঋণ গ্রহীতার পিতা আব্দুল আউয়াল মিন্টু। খেলাপি ঋণের জামিনদাতা হিসেবে তিনিও ঋণ খেলাপি। তার ঋণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম মেসার্স কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড। তার ঋণের শ্রেণিকরণের মান মন্দ এবং কু(যেটাকে খেলাপি ঋণের সবচেয়ে খারাপ অবস্থা বলা হয়)।”

তবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর ২ এপ্রিল তাবিথ আউয়াল ১ কোটি ৯৭ লাখ ৫৪ হাজার ৪৩০ টাকা নগদে এবং ৫১ লাখ টাকা পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করেছেন বলে জানানো হয়েছে চিঠিতে।   

সুধন দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি আমরা আইন অনুযায়ী নির্বাচন কমিশনকে জানিয়েছি। আজ সন্ধ্যায় এ বিষয়ে শুনানি আছে। আমাদের আইনজীবী ও আমরা সকলে শুনানিতে অংশ নেব।”

খেলাপি ঋণের এই তথ্য মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময়ে না দিয়ে ২ এপ্রিল কেন পাঠানো হল- জানতে চাইলে তিনি বলেন, “আমরা সময়মতোই জানিয়েছি। আমাদের কর্মকর্তা, আমি নিজে নির্বাচন কমিশন অফিসে গিয়েছি। এজন্য এটা সময়মতো জানানো হয়নি একথা ঠিক না।”

এই বিষয়ে মিন্টুর আইনজীবী এহসানুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এখন আপিল শুনানিতে যাচ্ছি। সেখানেই আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করব।” 

রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া হলফনামায় তাবিথ এই ঋণের বিষয়ে কিছু উল্লেখ করেননি।

কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড কার্বন রড, আলকাতরা, কীটনাশক রিপ্যাকেজিং ও সিএনজি রি-ফুয়েলিংয়ের কাজ করে। কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত। এর কারখানা ধামরাইয়ের দক্ষিণপাড়া ঢাকা-আরিচা মহাসড়কের পাশে।

কোম্পানির ওয়েবসাইটে দেয়া ২০১৪ সালের সেপ্টেম্বর প্রান্তিকের ব্যালান্স শিট (অনিরিক্ষিত) অনুযায়ী, প্রতিষ্ঠানটির মোট ঋণের পরিমাণ ১০ কোটি ৩৭ লাখ ৪০ হাজার ৯৫০ টাকা।

পুরনো খবর:

মিন্টুর ছেলের প্রার্থিতাও ঝুঁকিতে
ছেলেকে নিয়ে খালেদার বাসায় মিন্টুর স্ত্রী
প্রার্থীর ‘ঋণ’ উসুলে সিইসির কাছে ব্যাংকের ধর্না