হাসিনার কাছে আত্মসমর্পণ করেছেন খালেদা: হাছান মাহমুদ
আদালতে আত্মসমর্পণের মাধ্যমে বিএনপি চেয়ারপারনস খালেদা জিয়া জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আত্মসমপর্ণ করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ।
রোববার বিকালে নগরীর যাত্রামোহন (জেএম) সেন হলে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের সঙ্গে ‘সনাতনী নাগরিক সমন্বয়ক কমিটির’ মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
হাছান মাহমুদ বলেন, “আমরা উনাকে (খালেদা জিয়া) আহ্বান জানিয়েছিলাম- ঘর থেকে বের হন, জনগণকে আপনার চেহারা দেখান। অবশেষে তিনি তার চেহারা দেখালেন দেড়শ মানুষ হত্যার হুকুমের আসামি হয়ে।
“তিন মাস পর ঘর থেকে বের হলেন। তারপর আদালতে গেলেন, জামিনও পেলেন। মাঝখানে এই বিভৎসতা আর নাটকের কোনো দরকার ছিল না। আপনি শুধু আদালতের কাছে আত্মসমর্পণ নয়, শেখ হাসিনা প্রকারান্তরে জনগণের কাছে আত্মসমর্পণ করেছেন।”
আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, “কি পেলেন এই মানুষ হত্যা করে ? তাই আপনাকে দেখে আজ মানুষ ভয় পায়। যেমন ভয় পায় ‘হরর’ ছবির নায়িকা দেখে।
“আপনি এখন ‘কুইন অব টেরর অ্যান্ড হরর’। আপনার নেতৃত্বেই এ হামলা হয়েছে। প্রত্যেক হত্যার হুকুমের আসামি আপনি।”
ওই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দিন।
রাউজানের সাবেক পৌর মেয়র দেবাশীষ পালিতের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বেসরকারি বিশ্ববিদ্যালয় বিজিসি ট্রাস্ট্রের ভারপ্রাপ্ত উপাচার্য রনজিত ধর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিন বোধি ভিক্ষু, অধ্যাপক জ্যোতি প্রকাশ দত্ত, রাউজানের উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল ও মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন বিশ্বাস।
