২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা পরাজিত সৈনিক: শাজাহান খান

নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে লাগাতার অবরোধ শুরুর পর তা মানতে সরকারকে বাধ্য করতে ব্যর্থতা নিয়ে খালেদা জিয়ার বাসায় ফিরে যাওয়াকে পরাজিত সৈনিকের সঙ্গে তুলনা করেছেন নৌমন্ত্রী শাজাহান খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 08:17 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

তিনি বলেছেন, “তিন মাস বাসা ছেড়ে কার্যালয়ে থেকে আন্দোলনের নামে মানুষ হত্যা করে পরাজিত সৈনিকের মতো বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া। এটা আমাদের সাহসী লড়াই এর প্রথম বিজয়।”

রোববার কার্যালয় থেকে বেরিয়ে আদালত থেকে জামিন নিয়ে খালেদার বাড়ি ফেরার পর বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের এক সমাবেশে একথা বলেন তিনি।

খালেদা জিয়ার ডাকা লাগাতার অবরোধ প্রত্যাহারের দাবিতে শ্রমিক নেতা শাজাহান খান এই পরিষদকে নিয়ে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাওয়ের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন।

তার ধারাবাহিকতায় রোববার গণপদযাত্রা কর্মসূচির আগে এই সমাবেশে বক্তব্যে নৌমন্ত্রী বলেন, “সন্ত্রাস বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

এদিকে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “আশা করি বেগম জিয়া ভবিষ্যতেও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং বিচার বিলম্বিত করার অপকৌশল হিসেবে আন্দোলনের নামে সন্ত্রাস বন্ধ করবেন।”

অবরোধের কর্মসূচি চালিয়ে তার মধ্যেই গাড়ি নিয়ে খালেদার আদালতে যাওয়ার সমালোচনা করেন শাজাহান খান।

“অবরোধ ডেকে গাড়িবহর নিয়ে আদালতে গিয়ে নিজেই অবরোধ অমান্য করেছেন তিনি।”

সমাবেশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অবরোধ-হরতালে নাশকতার জন্য খালেদা জিয়াকে দায়ী করে তার বিচারের উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানান।

সমাবেশ শেষে নৌমন্ত্রীর নেতৃত্বে মানিক মিয়া এভিনিউ থেকে পদযাত্রা শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে গিয়ে শেষ হয়। পেট্রোল বোমা ও নাশকতা প্রতিরোধে সেখানে শপথ বাক্য পাঠ করান শাজাহান খান।

শপথ বাক্য পাঠ শেষে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, “খালেদা জিয়া লেজ গুটিয়ে বাসায় ফিরেছেন। আন্দোলন করে তার নৈতিক পরাজয় হয়েছে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাসদ নেত্রী শিরিন আখতার, সংসদ সদস্য এনামুর রহমান, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি হেলাল মুর্শেদ, শ্রমিক নেতা ওসমান আলী।