২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনজুর নাশকতার অর্থদাতা, দাবি হাছান মাহমুদের

চট্টগ্রামে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলমের বিরুদ্ধে নাশকতায় অর্থায়নের অভিযোগ এনে তাকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2015, 08:51 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

শনিবার নগরীর এসএস খালেদ সড়কের একটি কমিউনিটি সেন্টারে নগর ছাত্রলীগ আয়োজিত ‘শিক্ষার উন্নয়নে সুযোগ্য নেতৃত্ব’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

ক্ষমতাসীন দলের নেতা হাছান মাহমুদ অভিযোগ আনলেও সদ্য সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনজুর আলমের বিরুদ্ধে ‍নাশকতার কোনো মামলা নেই।

চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার ‍কাছে জমা দেওয়া মনজুরের হলফনামায় এ ধরনের কোনো মামলার উল্লেখ নেই। ১ এপ্রিল মনোনয়নপত্র বাছাইয়ের দিনেও এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।

বিএনপি জোটের আন্দোলনের দিকে ইঙ্গিত করে হাছান মাহমুদ বলেন, “চট্টগ্রামের বিভিন্ন স্থানে ২০ দলীয় জোট পেট্রোল বোমা ও ককটেল মেরে মানুষ হত্যা করেছে। তথ্য আছে পেট্রোল বোমা ও সন্ত্রাসীদের পেছনে মনজুর আলম অর্থায়ন করেছেন।

“সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দিয়েছেন এমন একজন মানুষের হাতে চট্টগ্রামের অভিভাবকত্ব তুলে দেওয়া যায় না।”

সভায় ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক লিয়াকত শিকদার বলেন, “চট্টগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল বাড়ানোর জন্য টাকার সংকট থাকলেও ঠিকই তিনি (মনজুর) পেট্রোল বোমার পেছনে অর্থ ব্যয় করেছেন।”

হাছান মাহমুদ বলেন, “মহিউদ্দিন চৌধুরী উন্নয়নের যে ধারাবাহিকতা রেখে গিয়েছিলেন তার উল্টো পথে হেঁটেছেন মনজুর। তিলোত্তমা নগরীকে গত পাঁচ বছরে একটি আর্বজনার নগরীতে পরিণত করেছেন। ডাস্টবিনের পাশ দিয়ে হেঁটে যেতে নাকে রুমাল দিতে হয়।

“আবার যদি নির্বাচিত হয় তাহলে সারা শহরে নাকে রুমাল দিয়ে হাঁটতে হবে। আগে যে চট্টগ্রাম শহরে পানি উঠত না তা নয়। মনজুর সাহেব আমাদের হাঁটু ‍পানিতে নয়, কোমর পানিতে ডুবিয়েছেন। আবার যদি উনি সুযোগ পান কোমর পানি নয়, গলা পানি নয় আমাদের মাথা পর্যন্ত ডুবিয়ে দেবেন।”

বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, “নোমান সাহেব গত কাল ও পরশু তার কয়েকটি বক্তৃতায় আ জ ম নাসিরের চরিত্র নিয়ে মন্তব্য করে ব্যক্তিগত আক্রমণ করেছেন যা সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন।”

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমুর সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন।