২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে জয়ী হলে আন্দোলনে জয়ী হব: আমীর খসরু

সিটি নির্বাচনে বিএনপি নেতারা জয়ী হলে সরকারবিরোধী আন্দোলনের জয় হবে বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2015, 08:48 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

শনিবার নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিমত প্রকাশ করে সক্রিয়ভাবে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান।

আমীর খসরু বলেন, “এই নির্বাচন আন্দোলনের অংশ। নির্বাচনে বিজয়ের মাধ্যমে আওয়ামী লীগের গুম-খুন ও হত্যা-সন্ত্রাসের বিরুদ্ধে জনগণের গণতান্ত্রিক আন্দোলনের বিজয় অর্জিত হবে।

“নিরব ব্যালটের মাধ্যমে জনগণ দুঃশাসনের জবাব দিবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে বিজয় অর্জনের লক্ষ্যে কাজ করতে হবে। ঘরে ঘরে গিয়ে আওয়ামী দুঃশাসনের চিত্র তুলে ধরতে হবে।”

নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম, বিএনপি নেতা এম এ আজিজ, এস এম সাইফুল আলম, যুবদল তো ইয়াছিন চৌধুরী, আনোয়ার হোসেন প্রমুখ। 

শনিবার দিনভর নগরীর ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড, ৪ নম্বর চান্দগাঁও, ৫ নম্বর মোহরা, ৬ নম্বর পূর্ব ষোলশহর, ৭ নম্বর পশ্চিম ষোলশহর, ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ, ২৮ নম্বর দক্ষিণ পাঠানটুলী ও ৩০ নম্বর মাদারবাড়ি ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।