২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে নামুন, না হলে দল ছাড়ুন: খন্দকার মাহবুব

পুলিশের ভয়ে মাঠে নামতে না পারলে নেতাকর্মীদের দল ছাড়ার পরামর্শ দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 08:27 PM

Updated : 25 Apr 2022, 01:12 PM

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় ক্ষোভ প্রকাশ করে এই আহ্বান জানান বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের এই নেতা।

খন্দকার মাহবুব বলেন, “আপনারা যদি পুলিশকে ভয় করেন, সরকারকে ভয় করেন তবে দল থেকে সরে দাঁড়ান। কারণ, দেশের মহাসংকটকালীন সময়ে আপনারা ঘুমিয়ে থাকবেন, আরাম করবেন, পদ রাখবেন এটা হবে না। মাঠে না নামতে পারলে পদত্যাগ করুন।”

২০১৪ সালের ৫ জানুয়ারির বিএনপিবিহীন নির্বাচনের মধ্য দিয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকার। এই নির্বাচন বাতিল করে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আবার নির্বাচনের দাবি করলেও কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারেনি ।

এর মধ্যে ৫ জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তির দিনে ঢাকায় সমাবেশ করতে না পেরে  গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ খালেদা জিয়া টানা অবরোধের ডাক দেন। পরে তার কার্যালয় থেকে পুলিশ বেষ্টনী তুলে নেওয়া হলেও তিন মাস ধরে তিনি সেখানেই রয়েছেন।

খালেদা ‘অবরুদ্ধ’ হওয়ার পর ঢাকাসহ দেশের কোথাও বিএনপি নেতাকর্মীদের বড় ধরনের বিক্ষোভের খবর পাওয়া যায়নি। অবরোধের পাশাপাশি  তিন মাস ধরে চলা হরতালে যানবাহনে পেট্রোল বোমা ছুড়ে অর্ধশতাধিক মানুষকে পুড়িয়ে মারাসহ নানা নাশকতা হলেও রাজপথের আন্দোলনে ছিল না বিএনপি নেতাকর্মীরা।

এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশন ২৮ এপ্রিল ভোটের দিন রেখে সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। বিএনপি নেতারা মনোনয়নপত্র কিনলেও শেষ পর্যন্ত তাদের ভোটে থাকা নিয়ে সংশয় প্রকাশ করে আসছেন সরকারের মন্ত্রীরা।

আলোচনা সভায় বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব বলেন, “যে যেখান থেকে পারেন এই স্বৈরশাসক সরকারের বিরুদ্ধে লড়াই করুন। নির্বাচনে সকল নেতাকর্মী যাতে মাঠে নামেন সেই আহ্বান করছি।”

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “৫ জানুয়ারির মতো প্রহসনের খেলা যদি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে খেলতে চান, তবে ঢাকাবাসী ও পেশাজীবী পরিষদকে সঙ্গে নিয়ে আপনাদের কঠোরভাবে মোকাবেলা করা হবে।” 

এসময় ২০ দলীয় জোটের কঠোর আন্দোলন থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে সরকার সিটি নির্বাচনের আয়োজন করেছে বলে অভিযোগ করেন এই পেশাজীবী নেতা।

“যে মুহূর্তে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের আন্দোলন তুঙ্গে, ঠিক সেই সময় সরকার জনগণের দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে নিতে সিটি করপোরেশন নির্বাচন দিয়ে শেষ খেলাটি খেললেন।” 

খন্দকার মাহবুব  বলেন, দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের পেশাগত দায়িত্ব ছেড়ে সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সব রকম প্রচেষ্টা করছে।    

তিনি বলেন, অগণতান্ত্রিক সরকার গণতন্ত্রের লেবাস পড়ে বিরোধী দলের ওপর নির্যাতন চালাচ্ছে। তা যদি গণমাধ্যমগুলো সঠিকভাবে তুলে ধরতে পারতো, তাহলে এ সরকারের নির্যাতন সম্পর্কে বিশ্ববাসী জানতো।

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ‘গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন, মানবাধিকার ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে মেডিকেল টেকনোলোজিস্ট অ্যাসোসিয়েশন।

বিপ্লবউজ্জামান বিপ্লবের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লা মিয়া, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী ও ডক্টরর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব রফিকুল ইসলাম বাচ্চু।