২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে কথা বলার ‘আগ্রহ’ হারিয়েছেন রওশন

সংসদে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বললেও সরকার তা সমাধানের উদ্যোগ না নেওয়ায় হতাশ বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2015, 08:23 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

“আমার কথা মনে হয় না কেউ নোট নেয়। কথা বলার আগ্রহ হারিয়ে ফেলছি। আমি বলে গেলাম আর আপনারা শুনে গেলেন, তাতে তো লাভ হবে না।”

বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের ওপর সমাপনী দিনের আলোচনায় জাতীয় পার্টি নেত্রীর এই বক্তব্যের সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন।

বিএনপিবিহীন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এর আগেও সংসদে উষ্মা প্রকাশ করে বলেছিলেন, সরকার বিরোধী দলের কোনো পরামর্শ নেয় না।  

বৃহস্পতিবার বস্তিবাসীর সমস্যা সমাধানের দাবি জানানোর সময় সংসদে কথা বলতে নিজের অনাগ্রহের কথা তুলে ধরেন তিনি।

রওশন সংসদ ভবনের রক্ষণাবেক্ষণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।

“এত অল্প সময়ে কেন এটা জরাজীর্ণ হল? দায়ী কে? আরেকটা তো বানাতে পারবো না। কেন রক্ষণাবেক্ষণ করি না। তাজমহল ৩৫০ বছর আগে বানানো। তাহলে ৫৫ বছরে সংসদ ভবন কেন জরাজীর্ণ। খুলে খুলে কেন পড়ছে?”

এই বিষয়ে নজর দিতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দৃষ্টিও আকর্ষণ করেন বিরোধীদলীয় নেতা।  

বক্তব্যে নিজের জেলা ময়মনসিংহের পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করতে কাজ দ্রুত শুরুর আহ্বান জানান রওশন।

“প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই, এটা করার জন্য। আমি জীবদ্দশায় দেখে যেতে চাই, এটা হয়েছে।”

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে ইন্টারনেটের গতি বাড়াতে পদক্ষেপ নিতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

পুরনো খবর:

সরকার কথা শোনে না, উষ্মা রওশনের