ভোটে যেই জিতুক সরকার মেনে নেবে: কাদের
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
উপজেলা চেয়ারম্যান নির্বাচনে কারচুপির অভিযোগ করে আসা বিএনপিকে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আশ্বস্তও করেছেন তিনি।
সংসদ নির্বাচন বর্জন করে বর্তমানে সরকারবিরোধী আন্দোলনে থাকা বিএনপিকে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে আওয়ামী লীগ নেতারা।
রোববার নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের বোর্ড সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “সবার অংশগ্রহণে সিটি কর্পোরেশনে অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্ন করবে ইসি, সরকার সব ধরনের সহযোগিতা দিবে।
“আগের সিটি কর্পোরেশনগুলোর নির্বাচনে অনেকে মনে করছিল সরকার হস্তক্ষেপ করবে, কিন্তু ফলাফল থেকে বেরিয়ে এসেছে সরকার হস্তক্ষেপ করেনি। যে বা যারাই জিতুক সরকার বাধা দিবে না, যেই জিতুক সরকার মেনে নেবে।”
আগামী ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি করপোরেশনের সঙ্গে চট্টগ্রামেও নির্বাচন হবে। এখন প্রার্থীরা মনোনয়নপত্র কিনছেন, যা চলবে ২৯ মার্চ পর্যন্ত।
সরকারবিরোধী আন্দোলনে থাকা বিএনপির নেতৃত্ব এখনও সিটি করপোরেশন নির্বাচনে দলীয় নেতাদের অংশগ্রহণ নিয়ে কোনো কথা বলেনি।
মেট্রোরেল প্রকল্পের কাজ এগিয়ে চলছে জানিয়ে সড়কমন্ত্রী বলেন, মেট্রোরেল উত্তরা থেকে ফার্মগেট অংশ ২০১৯ সালে চালু করা হবে। ২০২০ সালে উত্তরা থেকে মতিঝিল পুরো রুটে মেট্রোরেল চালু হবে।
“এ বছরের মধ্যে মেট্রোরেলের সব দরপত্র সমাপ্ত হবে। ২০১৬ সাল থেকে মূল কাজ শুরু করা যাবে। ইতোমধ্যে প্রাথমিক নকশার কাজ শেষে হয়েছে, বিস্তারিত নকশার কাজ চলছে।”
বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে মন্ত্রী বলেন, পদ্মা সেতুতে ২০১৮ সাল থেকে যান চলাচল শুরু হবে। এ সেতু চালু হওয়ার পর যানবাহনের বাড়তি চাপ মোকাবেলায় সেতুর সাথে সংশ্লিস্ট সড়কগুলো চার লেইনে উন্নীত করা হবে।
মাওয়া-বাবুবাজার সড়ক চার লেইনে উন্নীত করার কাজ আগামী মাসে শুরু হবে বলেও জানান মন্ত্রী।
এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, ডিটিসিএ'র নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেন, মেট্রোরেলের প্রকল্প পরিচালক মোফাজ্জেল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
