মান্নার সুচিকিৎসার দাবি স্ত্রীর
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন তার স্ত্রী মেহের নিগার।
বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি স্বামীর নানা রোগের কথা তুলে ধরে জামিনও চান। মান্নার মেয়ে নিলম মান্না এসময় উপস্থিত ছিলেন।
একটি টেলিকথোপকথনের ভিত্তিতে করা সেনা বিদ্রোহে উসকানি দেওয়ার মামলায় ২৪ দিন আগে গ্রেপ্তার হন মান্না। বর্তমানে তিনি কারা হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিগার বলেন, “গ্রেপ্তার হওয়ার আগে ডাক্তারি পরীক্ষায় তার (মান্নার) বুকে তিনটির বেশি ব্লক ধরা পড়েছিল। সম্প্রতি গ্রেপ্তার ও মানসিক নির্যাতনের কারণে তার হার্টের পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে বলে আমাদের বিশ্বাস।
“আমরা সরকারের কাছে তার (মান্নার) শরীরের যথাযথ পরীক্ষা নিরীক্ষা ও সুচিকিৎসার জন্য বিনীত আবেদন জানাচ্ছি।”
সেনা বিদ্রোহে উসকানির মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর মান্নার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আরেকটি মামলা হয়েছে। দ্বিতীয় মামলায় রিমান্ডের সময় অসুস্থ হয়ে পড়লে ১০ মার্চ তাকে হাসপাতালে নেওয়া হয়।
নিগার বলেন, প্রথম দফার ১০ দিনের রিমান্ড চলাকালে মান্নার ওষুধপত্র দেওয়ার সুযোগ তারা পাননি।
মান্নার নিয়মিত ফিজিওথেরাপি ছাড়াও হৃদরোগ, মেরুদণ্ডের হাড় ক্ষয়, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষায় যেন কোনো প্রকার অবহেলা না হয়, সরকারের কাছে তার নিশ্চয়তা চান নিগার।
রিমান্ডে মান্নার ওপর নির্যাতনের সুস্পষ্ট অভিযোগ না থাকলেও পুলিশি জিজ্ঞাসাবাদে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।
“একজন অসুস্থ মানুষের প্রতি রিমান্ডের নামে কী ধরনের আচরণ করা হয়েছে, তা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের সিসিইউতে ভর্তি হওয়া থেকেই বোঝা যায়,” বলেন নিগার।
মান্নার সঙ্গে নিউ ইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির টেলিআলাপের দুটি অডিও ক্লিপ গত ২২ ফেব্রুয়ারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশ হলে তা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়।
ফাঁস হওয়া টেলিফোন কথোপকথনে ঢাকার সাবেক মেয়র খোকার সঙ্গে আলাপচারিতায় সরকারবিরোধী আন্দোলন জোরদারে বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলা নিয়ে মান্নাকে কথা বলতে শোনা গেছে। অন্যটিতে চলমান পরিস্থিতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের বিষয়ে তাকে আগ্রহ প্রকাশ করতে শোনা যায়।
আদালতে মাহমুদুর রহমান মান্না (ফাইল ছবি)
এরপর গত ২৩ ফেব্রুয়ারি মান্নাকে গ্রেপ্তার করে পুলিশ।
ফাঁস হওয়া ফোনালাপ ধরে মান্নার বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালান হচ্ছে বলে দাবি করেন তার স্ত্রী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তিনি (মান্না) আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং যে কোনো প্রকার আইনানুগ বিচারের সম্মুখীন হতে রাজি আছেন। প্রয়োজনে তাকে জেলগেটে ডাক্তারের উপস্থিতিতেও জিজ্ঞাসাবাদ করা যেতে পারে।”
মান্নার জামিনের আবেদন জানিয়ে নিগার বলেন, “সুষ্ঠুভাবে বিচার হলে তিনি নিরাপরাধী হিসেবে মুক্ত হবেন।”
এক সময়ের আওয়ামী লীগ নেতা মান্না বর্তমানে নাগরিক্ ঐক্য নামে একটি সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। জরুরি অবস্থার সময় সংস্কারপন্থি হিসেবে আওয়ামী লীগে চিহ্নিত হওয়ার পর তিনি দলে অপাঙক্তেয় হয়ে পড়েন।
ছাত্রজীবনে বামপন্থি সংগঠনে যুক্ত মান্না ডাকসুতে দুই বার ভিপি নির্বাচিত হন। চাকসুতেও জিএস ছিলেন জাসদ ও বাসদের সাবেক এই নেতা।
