‘বাটপাড়দের’ ছবি ছিঁড়ে ফেলুন: কাদের
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে পোস্টার, ব্যানারে জাতির জনকের ছবির পাশে ‘চাঁদাবাজ-টাউট বাটপাড়’ কারোর ছবি থাকলে সেসব ব্যানার বা পোস্টার ছিঁড়ে ফেলতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “আমরা বঙ্গবন্ধুকে আমাদের জীবনে কতটা অনুসরণ করি, সেটা আজ বড় প্রশ্ন। এখানে কয়জন আমরা বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়েছি?”
পোস্টার ও ব্যানারের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “আমি সবচেয়ে বেশি ব্যথিত হই বঙ্গবন্ধুর ছবির পাশে চিহ্নিত চাঁদাবাজ-ধান্দাবাজ, টাউট-বাটপাড় লোকদের ছবি দেখলে। বঙ্গবন্ধুর ছবির পাশে এসব ভূমি দখলকারী ও লুটপাটের সাথে জড়িতদের ছবি দেখতে চাই না। আমি নেতাকর্মীদের বলব-এসব ছবি ছিঁড়ে ফেলুন।
“বঙ্গবন্ধুর ছবির পাশে এসব ছবি থেকে যদি মুক্ত হতে পারেন তাহলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। আজকে কোথা থেকে কে এসে চিনি না জানি না চাঁদাবাজ না ছিনতাইকারী হঠাৎ একটা পোস্টার বের করে বঙ্গবন্ধুর ছবির পাশে নিজের ছবি দিচ্ছে।
“চাঁদাবাজি ও ধান্দাবাজির সাথে যারা জড়িত তাদের ছবি যেন বঙ্গবন্ধুর ছবির পাশে না দেখি, এ কাজটা যারা করবেন তারাই বঙ্গবন্ধুর সত্যিকারের আদর্শের অনুসারী।”
দলীয় নেতাকর্মীদের প্রতি সাংগঠনিক কাজে আরো মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “গত ১৫ অগাস্টের ব্যানার ছিঁড়ে ছিঁড়ে পড়ছে, মলিন ব্যানার। যারা নগর আওয়ামী লীগ করেন এটা কি আপনাদের কারো চোখে পড়ে না? এটা বঙ্গবন্ধুকে সম্মান করা নয়, কারণ তার ছবি আছে।”
বাংলাদেশে এখন প্রতিহিংসার রাজনীতি চলছে মন্তব্য করে তিনি বলেন, “এ দেশের একটি দল জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে ছুটির দিনেও হরতাল-অবরোধ করছে। বঙ্গবন্ধুর শাহাদাৎ দিবসে কেক কেটে ভুয়া জন্মদিন পালন করে। এদেশের রাজনীতিতে বিভিন্ন দলের মধ্যে একটা ‘কর্মসম্পর্ক’ দরকার। এই পরিবেশে তা গড়ে উঠবে কিভাবে?”
যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ষড়যন্ত্রে তার তথ্য পেতে এফবিআই সদস্যকে ঘুষ দেওয়ায় এক বিএনপি কর্মীর কারাদণ্ড হওয়ার প্রসঙ্গ টানেন মন্ত্রী ওবায়দুল কাদের।
আন্দোলনের নামে বিএনপি-জামায়াত জোট ‘জঙ্গি কায়দায়’ নাশকতা চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, “তারা ইসলামিক স্টেট বা আইএস স্টাইলে নাশকতা করছে। যারা সংলাপ চায় তাদের আগে নাশকতা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। তারপর দেখা যাবে সংলাপ হবে কি হবে না।”
খালেদা জিয়ার আন্দোলন ‘অযৌক্তিক’ মন্তব্য করে তা কখনো সফল হবে না বলে দাবি করেন সরকারের এই মন্ত্রী।
“২০ দলের আন্দোলন যৌক্তিক পরিণতিতে কখনো যাবে না, অযৌক্তিক আন্দোলন দিয়ে যৌক্তিক পরিণতিতে পৌঁছানো যাবে না, বেগম জিয়া তা বেমালুম ভুলে গেছেন,” বলেন তিনি।
অবরোধ ডাকলেও বিএনপি নেতাকর্মীরা নিজেদের সব কাজকর্ম স্বাভাবিকভাবে চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেন কাদের।
তিনি বলেন, “হরতাল ডেকে নিজেদের দোকান খুলে রাখছে, নিজেদের গাড়ি চালাচ্ছে এমনকি পরিবহনের গাড়িও চালাচ্ছে। তারা হরতাল ডাকে কেন সেটাও এখন বড় প্রশ্ন।”
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় চিত্রনায়িকা দিলারা ইয়াসমিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কাযনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজউদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, অভিনেত্রী ফাল্গুনী হামিদসহ অন্যরা বক্তব্য দেন।
