আদর্শ কী, স্পষ্ট করুন: খালেদাকে শাজাহান খান
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কোন আদর্শের তা স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।
রোববার রাজধানীর তোপখানা সড়কে বিএমএ মিলনায়তনে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের প্রতিনিধি সম্মেলনে বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
শাজাহান খান বলেন, “সংবাদ সম্মেলনে বিএনপি নেত্রী বেগম জিয়া বলেছেন, তিনি আদর্শের জন্য লড়ছেন। আপনি কোন আদর্শের জন্য লড়ছেন- তা আপনাকে স্পষ্ট করতে হবে। সেটা মুক্তিযু্দ্ধের পক্ষের আদর্শ, না বিপক্ষের, স্পষ্ট করুন।”
সম্মেলনে রেলমন্ত্রী মজিবুল হক বলেন, “খালেদা জিয়া, আপনি পাকিস্তানি এজেন্ডা বাংলাদেশে আর বাস্তবায়ন করতে পারবেন না। আপনার সাধের পাকিস্তান এখন আজিমপুরের গোরস্থান।”
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “বিএনপি নেত্রী জঙ্গিদের সাথে এমনভাবে জড়িয়ে গেছেন যে আর সুস্থ রাজনীতিতে ফিরে আসতে পারবেন না। তারেক ও জঙ্গিরাই খালেদার জন্য বিপজ্জনক।”
হরতাল-অবরোধে নাশকতার জন্য খালেদা জিয়াকে দায়ী করে তিনি বলেন, “সকল অপকর্মের জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। খালেদাকে গ্রেপ্তার সময়ের ব্যাপার মাত্র।”
শাজাহান খানের সভাপতিত্বে এই সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, জাসদ নেতা শিরীন আখতার, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি হেলাল মুর্শেদ বক্তব্য রাখেন।
