জয়কে হামলার ষড়যন্ত্র আ. লীগ ধ্বংসের অপচেষ্টা: নৌমন্ত্রী
মুক্তিযুদ্ধের পর পরাজিত শক্তির আওয়ামী লীগকে ধ্বংসের অপচেষ্টার ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের উপর হামলার ষড়যন্ত্র হয়েছিল বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি ও এর দোসর জামায়াত-শিবিরের কবর রচনা করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নেরও ঘোষণা দিয়েছেন তিনি।
শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রলীগ আয়োজিত এক মানববন্ধনে সংহতি জানিয়ে এসব কথা বলেন তিনি।
নৌমন্ত্রী বলেন, “একাত্তরের পরাজিত শক্তি বাহাত্তর সাল থেকেই স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগকে ধ্বংসের অপচেষ্টা করেছিল। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর ২০০৪ সালে তার কন্যা শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করেছিল তারা।
“তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের উপরও হামলা ষড়যন্ত্র করার হয়েছিল।”
স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নিঃশেষ করার বঙ্গবন্ধু সম্পন্ন করে যেতে পারেননি উল্লেখ করে শাজাহান খান বলেন, “এ দেশের মাটিতেই বিএনপি ও তাদের দোসর জামায়াত-শিবিরের কবর রচনা করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা হবে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও ছেলে ‘জয়কে যুক্তরাষ্ট্রে অপরহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রকারী জঙ্গি খালেদা ও দুর্নীতিবাজ তারেক রহমানের’ বিচারের দাবিতে মানববন্ধনের আরো সংহতি আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, বিএম মোজাম্মেল হক ও এস এম কামাল হোসেন।
নানক খালেদার উদ্দেশে বলেন, “আমরা দেখেছি আপনার স্বামী জিয়াউর রহমান ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশের সংবিধান ও স্বাধীনতা হত্যা করেছিল। আর আজ আপনি শেখ হাসিনা ও তার পুত্রকে হত্যার মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতিকে হত্যা করবার পাঁয়তারা করছেন।”
জয়কে অপহরণ-হত্যার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “মার্কিন প্রশাসন সেই ষড়যন্ত্রকে কঠোর হাতে দমন করার জন্য সে দেশের প্রশাসনকে ধন্যবাদ।”
মানববন্ধনে
ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, খালেদা ও তার ছেলে তারেক দেশের টাকা বিদেশের পাচার করেছিলেন। সেই দুনীর্তির টাকা এখন দেশের বিরুদ্ধেই ব্যবহার করছে।
“শেখ হাসিনা সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে এখন তারা দেশের বাইরে জয়কে হত্যার চেষ্টা করছে। এই ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করার দাবি জানাচ্ছি।”
খালেদা জিয়াকে জঙ্গিবাদের আখ্যায়িত করে সোহাগ বলেন, “বিএনপি-জামায়াত জোটের মাধ্যমে আমরা বার বার আক্রান্ত হয়েছি। ১৯৭১, ১৯৭৫ সালের ১৫ আগস্ট। এরপর ২০০১ সালে ওই জোট ক্ষমতায় এসে জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে দলীয় অনেক নেতাকর্মীকে হত্যা করেছে।
“নেত্রী শেখ হাসিনাকেও অনেকবার হত্যার চেষ্টা করেছে তারা। তাছাড়া গত দুই মাসে খালেদা জিয়ার দেশব্যাপী তাণ্ডবেই প্রমাণিত হয় যে তিনিই জঙ্গিবাদের হোতা।”
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমূল আলম, সহ-সভাপতি জয়দেব নন্দী, যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুল কবির রাহাত, হাসানুজ্জামান তারেক, দপ্তর সম্পাদক শেখ রাসেল, উপ-আইন সম্পাদক বিপ্লব হাসান পলাশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ওমর শরীফ।
এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা পল্টন মোড় থেকে হাইকোর্টের সামনের রাস্তার দুই পাশে তিন সারিতে অবস্থান নেয়।
