২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ রব ‘পাগলের প্রলাপ’: মতিয়া

বিএনপির সঙ্গে সংলাপে বসতে নাগরিক সমাজের একাংশের আহ্বানকে ‘পাগলের প্রলাপ’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 08:41 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণে বিএনপির ষড়যন্ত্রের প্রতিবাদে এই সমাবেশ হয়।

মতিয়া বলেন, “যারা হায়েনার সঙ্গে সংলাপের কথা বলে, তারা ‘পাগলের প্রলাপ বকে’। আমরা পাগলের প্রলাপ নিয়ে রাজনীতি করি না। হায়েনার সঙ্গে কথা বলি না, বলবও না।”

নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিকে বিএনপি জোট হরতাল-অবরোধ চালিয়ে গেলেও তাদের দাবিতে নতি স্বীকার করতে রাজি নয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। 

হরতাল-অবরোধে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার জন্য বিএনপিকে দায়ী করে মতিয়া বলেন, “এরা লাশ বেচা লোক। আজরাইলের খালাত ভাই। আজরাইলের যেমন লাশ দেখে প্রতিক্রিয়া হয় না, তাদেরও কোনো প্রতিক্রিয়া হয় না।”

সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে বলেন, “এখনও শোধরানোর সময় আছে। হত্যার দায় স্বীকার করে সুস্থ রাজনীতির ধারায় ফিরে আসুন। অন্যথায়, আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।”

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, হাজি মো. সেলিম।