২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্না অনেকটাই ভালো: চিকিৎসক

রিমান্ডে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মাহমুদুর রহমান মান্না এখন ‘অনেকটাই ভালো’ বলে জানিয়েছেন চিকিৎসক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 09:56 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

বুকে ব্যথা অনুভব করার পর মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্নাকে।

সেনা বিদ্রোহে উসকানি দেওয়ার মামলায় জিজ্ঞাসাবাদের পর তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ। তার মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। 

তার শারীরিক অবস্থার কথা জানতে চাইলে ঢামেকের কার্ডিওলজি বিভাগের প্রধান আব্দুল ওয়াদুদ চৌধুরী বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনার (মান্না) বুকের ব্যথাও নেই, আর রক্তচাপও নিয়ন্ত্রণে। বর্তমানের উনার রক্তচাপ ১৪০/৮০।”

কার্ডিওলজি বিভাগের সিসিইউতে রয়েছেন মান্না। সেখানে রাতে স্বজনদের সঙ্গে মান্নাকে কথা বলতে দেখা যায়।

সিসিইউতে কর্মরত একজন সেবিকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম উনার রক্তচাপ বেশি ছিল, এখন তা নেই। তবে ২০১৩ সালের ২৭ অক্টোবর উনার হার্টের এনজিওগ্রাম করানো হয়েছে।”

চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে জাতীয় সংলাপের অন্যতম উদ্যোক্তা মান্নার সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির টেলিফোনে কথোপকথের দুটি অডিওক্লিপ ধরে মান্নাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে দুটি মামলা হয়।

অজ্ঞাত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি

মাহমুদুর রহমান মান্নার সঙ্গে ফোনালাপের অজ্ঞাত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।

বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবে মান্নার দল নাগরিক ঐক্য আয়োজিত এক সমাবেশে তিনি এ দাবি জানান।

আসিফ নজরুল বলেন, “ফোনালাপের ওই অজ্ঞাত ব্যক্তিকে কেন গ্রেপ্তার করা হয় না। তাকে গ্রেপ্তার করা হোক। তাকে গ্রেপ্তার করলে সব রহস্য উন্মোচন হয়ে যাবে। তাই সরকার তাকে গ্রেপ্তার করবে না।”

Image
আদালতে মাহমুদুর রহমান মান্না

আদালতে মাহমুদুর রহমান মান্না

নাগরিক সমাজের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “সরকার খুব চালাক, মান্নাকে গ্রেপ্তার করলে সব চুপ হয়ে যাবে, অবাক কাণ্ড সব চুপ হয়ে গেছে। অন্যরা গ্রেপ্তার হলে অন্দোলন হয়। তাহলে আপনারা চুপ হয়ে আছেন কেন? আপনারা কি ভয় পেয়েছেন?”

জাফরুল্লাহ চৌধুরী বলেন, “এখন মানবাধিকার কোথায়? এর অন্তরালে কী হচ্ছে? মানবাধিকার কমিশনের চেয়ারম্যন মিজানুর রহমানের অফিস ঘেরাও করতে হবে। মানবাধিকার কমিশনের বিচার হতে হবে।”

নাগরিক ঐক্যের উপদেষ্টা এসএম আকরাম বলেন, “মান্নাকে ২০ ঘণ্টা কোথায় রাখা হয়েছিল? মান্না বেঁচে আছে, এটাই আমাদের অনেক পাওয়া। এখন তার জামিনে মুক্তি ও স্বচ্ছ বিচার চাই।”

কারাগারে থাকলেও মান্না ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হবেন বলে জানান তিনি।

পুরনো খবর:

এবার রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে মান্না
মান্না ১০ দিনের রিমান্ডে
কথোপকথন ফাঁস: বিশ্ববিদ্যালয়ে লাশ চান মান্না
ফাঁস কথোপকথন: ‘জেনারেলদের সঙ্গে বৈঠকে আগ্রহী মান্না’