২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরোয়ানা থানায় পৌঁছামাত্র খালেদাকে গ্রেপ্তার: হাসিনা

খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে তল্লাশি এবং তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ আদালতের পরোয়ানার অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 06:49 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

“আদালত নির্দেশ দিয়েছে তল্লাশি করতে, যখনই গুলশান থানায় আদালতের আদেশ পৌঁছবে, তখনই তল্লাশি চালাবে,” বুধবার সংসদ অধিবেশনে এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন তিনি।

একই প্রশ্নের উত্তরে সরকার প্রধান বলেন, “যে মুহূর্তে গ্রেপ্তারের আদেশ পৌঁছবে, সেই মুহূর্তে গ্রেপ্তার করা হবে।”

আদালত থেকে তল্লাশি পরোয়ানা জারির ১০ দিন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির ১৩ দিন পরও তা কার্যকর না হওয়ার পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে সরকার প্রধানকে প্রশ্ন করেছিলেন তরীকত ফেডারেশনের নেতা এম এ আউয়াল।

জিয়া ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় খালেদাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি হয় গত ২৫ ফেব্রুয়ারি। ওই দুই মামলার পরের শুনানির দিনও তা বহাল রাখা হয়।

অন্যদিকে নৌমন্ত্রী শাজাহান খানের মিছিলে হাতবোমা হামলার ঘটনায় গত ১ মার্চ আদালত থেকে খালেদার কার্যালয় তল্লাশির পরোয়ানা জারি হয়।

আদালতের পরোয়ানা পুলিশের হাতে পৌঁছায়নি বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়ে আসছেন। আর বিএনপির আইনজীবীরা বলছেন, ‘অবৈধ’ বলেই ওই পরোয়ানা থানায় পৌঁছাচ্ছে না।

রাজনৈতিক উত্তাপের মধ্যে লাগাতার অবরোধ ডেকে গত ৩ জানুয়ারি থেকে গুলশানে নিজের কার্যালয়ে রয়েছেন খালেদা। তাকে কিছুদিন পুলিশ অবরুদ্ধ করে রেখেছিল। এখন অবরুদ্ধ অবস্থা না থাকলেও সেখানে যাতায়াত নিয়ন্ত্রণ করছে পুলিশ। 

ওই কার্যালয়ে তল্লাশি চালাতে পুলিশের আবেদনে বলা হয়েছিল, সেখানে বিস্ফোরক থাকতে পারে এবং পলাতক আসামিরা সেখানে থাকতে পারেন।

Image
খালেদা জিয়ার কার্যালয় (ফাইল ফটো)

খালেদা জিয়ার কার্যালয় (ফাইল ফটো)

প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, “আমিও মনে করি, তল্লাশি চালানো একান্ত প্রয়োজন।”

বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকার পেছপা হবে না জানিয়ে তিনি বলেন, “কেউই আইনের ঊর্ধ্বে নন। আইন তার আপন গতিতে চলবে।

“এতগুলো মানুষের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলেছেন, অবশ্যই তাদের বিচারের আওতায় আনা হবে। এটা সময়ের ব্যাপার। এটা জনগণের আকাঙ্ক্ষা, জনগণ এটা চায়। আর জনগণ যা চাইবে, সেটাই হবে।”

বিএনপি জোটের অবরোধ-হরতালে গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার ঘটনায় ইতোমধ্যে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে কয়েকটি মামলা হয়েছে।

শেখ হাসিনা বলেন, “আইন মোতাবেক যে যে অপরাধ করেছে, সেই ব্যবস্থা নেওয়া হবে। আর আমি আশ্বাস দিতে পারি সেদিন বেশি দূরে নয়। এ বিষয়ে আদালত যে নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

‘বিএনপির নেতা-কর্মীরাও খালেদার সঙ্গে নেই’

নাশকতার কর্মসূচি দিয়ে কার্যালয়ে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার দলের নেতা-কর্মীদের সমর্থনও হারিয়েছেন বলে মন্তব্য করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, “তার (খালেদা জিয়া) দলের নেতা-কর্মীরাও এখন তার সঙ্গে নেই।”

এর আগে খালেদা জিয়ার ডাকা অবরোধে নাশকতা এবং আদালতে তার না যাওয়ার বিষয়টি তুলে ধরেন আওয়ামী লীগ সভানেত্রী।

খালেদা জিয়ার কর্মসূচি বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে মন্তব্য করে তিনি বলেন, “বিএনপি-জামাত নেত্রী যে দাবি-দাওয়া দিয়েছেন, তা সবই তার নিজের ও পুত্রের জন্য। তাই জনগণ এখন তাকে একেবারেই সমর্থন করে না, বরং জনগণ ক্ষুব্ধ।”

নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে গত ৫ জানুয়ারি লাগাতার অবরোধ ডাকেন খালেদা জিয়া। এরপর ফেব্রুয়ারি থেকে প্রায় লাগাতার হরতালও ডাকা হচ্ছে।

সংসদে প্রধানমন্ত্রী জানান, বিএনপি জোটের কর্মসূচির মধ্যে নাশকতায় গত ৬৪ দিনে ১১৯ জন মানুষ মারা গেছেন, যাদের অধিকাংশের মৃত্যু ঘটেছে পেট্রোল বোমা কিংবা গাড়িতে দেওয়া আগুনে দগ্ধ হয়ে। এছাড়া পেট্রোল বোমাসহ নানা ধরনের নাশকতামূলক কাজে সহস্রাধিক ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছেন

এই সময়ে ছয়টি লঞ্চে অগ্নিসংযোগ এবং ৩৪ দফা ট্রেনে নাশকতা চালানো হয়েছে বলে তিনি জানান।

নাশকতার মুখে বিএনপির দাবি মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, বিএনপি এখন রাজনৈতিক আন্দোলনে নেই, বরং জঙ্গিবাদী তৎপরতায় লিপ্ত।

শেখ হাসিনা বলেন, “বিএনপি-জামাত নেত্রী আন্দোলনের নামে অফিসে বসে নাশকতামূলক কাজ করছে। সারাবিশ্বের কাছে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করছে। দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছেন।

“মানুষ ঘৃণাভরে জ্বালাও-পোড়াও এবং পেট্রোল ঢেলে মানুষ হত্যা প্রত্যাখ্যান করেছে। আইন-শৃঙ্খলা বাহিনী যথার্থ পদক্ষেপ না নিলে বহু আগেই জনগণ খালেদা জিয়াকে গুলশানের কার্যালয় থেকে বের করে দিত।”

দুর্নীতির মামলায় আদালতে উপস্থিত না হয়ে খালেদা জিয়া বাংলাদেশের আইনের প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, “উনি আর বিএনপি নেত্রী নেই, উনি জঙ্গী নেত্রী। নিজের ছেলের লাশ যেদিন এসেছে সেদিনও অবরোধ তোলেননি।তার কাছ থেকে জাতি কী আশা করতে পারে?

“উনার হরতাল-অবরোধ কেউ মানছে না। এখন কোনো ধরনের আন্দোলন নেই। আছে কেবল চোরাগোপ্তা হামলা আর আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারা।”

এই নাশকতার বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “খালেদা জিয়া গণহত্যার কাজে নেমে গেছেন। উনি সরাসরি এগুলো করাচ্ছেন। তবে, এটাই গুরুত্বপূর্ণ যে, মানুষ তাদের বিরুদ্ধে সচেতন হয়েছে।”

২০ দলের কর্মসূচির ফলে সৃষ্ট সমস্যা কাটিয়ে উঠতে সরকার সচেষ্ট বলেও সংসদে জানান প্রধানমন্ত্রী।

“এ নৈরাজ্য দীর্ঘদিন চলতে দেওয়া যায় না। দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে তৎপর আছে। প্রয়োজনে ভবিষ্যতে আরও কঠোর হবে। দেশের মানুষ শান্তি প্রিয়, তারা চায় শান্তিতে বসবাস করতে।”

জনজীবন নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও আধুনিক এবং তার কলেবর বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

শেখ হাসিনা বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতার ফলে অগ্নিসংযোগ ও নাশকতার মাত্রা অনেক কমে এসেছে। ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়ে এসেছে। বাস ও ছোট ছোট যানবাহনও স্বাভাবিকভাবে চলছে। হরতাল ও অবরোধের দিনে ঢাকাবাসীকে প্রচণ্ড যানজটের মধ্যে পড়তে হচ্ছে।

তবে দূরবর্তী এলাকায় বাস কিছুটা কম চলছে বলে স্বীকার করেন সরকার প্রধান।

পুরনো খবর:

দুর্নীতি মামলায় খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
খালেদার কার্যালয়ে তল্লাশি চালাতে পরোয়ানা
খালেদার পরোয়ানা পুলিশের হাতে আসেনি: প্রতিমন্ত্রী
‘অবৈধ’ হওয়ায় পরোয়ানা পৌঁছতে দেরি: খোকন