আইন নিজস্ব গতিতে চলে, খালেদাকে গ্রেপ্তার নিয়ে কামরুল
গ্রেপ্তারি পরোয়ানার দুই সপ্তাহের বেশি সময় পরেও খালেদা জিয়া গ্রেপ্তার না হওয়ায় এ নিয়ে আলোচনার মধ্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, আইন অনুযায়ীই তাকে গ্রেপ্তার করা হবে।
বিএনপি নেত্রীকে কোনো ‘ছাড়’ দেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ঢাকা মহানগরের এই নেতা।
চলমান অবরোধ-হরতালে নাশকতার প্রতিবাদে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক কর্মসূচিতে বক্তব্য দেন কামরুল ইসলাম।
খালেদা জিয়াকে গ্রেপ্তার নিয়ে সাবেক আইনমন্ত্রী কামরুল বলেন, “অনেকে বলেন, কেন খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হচ্ছে না। তার বিরুদ্ধে যথাসময়েই আইন প্রয়োগ করা হবে।
“আইন তার নিজস্ব গতিতে চলে। আইন ‘আমলে আসা’ মাত্রই তিনি গ্রেপ্তার হবেন। কোনো অবস্থাতেই তাকে ছাড় দেওয়া হবে না।”
জিয়া ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় গত ২৫ ফেব্রুয়ারি ঢাকার একটি আদালত খালেদাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে। ওই পরোয়ানা পুলিশ না পাওয়ার মধ্যে শুনানির পরবর্তী দিন গত ৪ মার্চ আদালত গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখে।
তখন দুর্নীতি দমন কমিশনের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ না করলে এখন যে কোনো সময় খালেদা জিয়াকে গ্রেপ্তার করা যেতে পারে।
এর পরেও বিএনপি চেয়ারপারসনকে গ্রেপ্তারে পুলিশের কোনো তৎপরতা চোখে না পড়ায় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও।
গত শনিবার এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন,“যে মামলায় খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, সে মামলায় জামিন চেয়ে তার আইনজীবীরা হাই কোর্টে আবেদন জানিয়েছে। আমরা কোনোভাবে আইনের বাইরে যাচ্ছি না। আইন অনুযায়ী যা করার কথা, তা ই আমরা করব।”
তবে ‘আইন অনুযায়ী’ বলতে কী বোঝাতে চাচ্ছেন, সেই ব্যাখ্যায় যাননি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
বিএনপির জোটসঙ্গী জামায়াতে ইসলামীকে নিয়ে খালেদাকে সতর্ক করে কামরুল ইসলাম বলেন, বিএনপি চেয়ারপারসন অবরোধের নামে ‘সন্ত্রাসী ও জঙ্গিদের’ সঙ্গে নিয়ে মাঠে নেমেছেন।
“আাপনি (খালেদা জিয়া) যাদের নিয়ে খেলছেন এই জামায়াত জঙ্গি গোষ্ঠী থেকে আপনিও রক্ষা পাবেন না। কারণ যারা সন্ত্রাসী ও জঙ্গিদের সঙ্গ নেন, আবার সন্ত্রাসী ও জঙ্গিদের ছেড়ে দেন; তাদের জঙ্গি গোষ্ঠী ছাড় দেয় না। আপনাকেও জামায়াত-জঙ্গি গোষ্ঠী ছাড় দেবে না।”
অবরোধের মধ্যে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে নিরীহ মানুষের প্রাণহানির জন্য বিএনপি নেত্রী ‘জনরোষ থেকেও রক্ষা পাবেন না’ বলে মন্তব্য করেন কামরুল।
তিনি বলেন, “দেশে হরতাল-অবরোধের নামে পেট্রোল বোমা মেরে যেভাবে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে- এর প্রত্যেকটি ঘটনার জন্য খালেদা জিয়া অভিযুক্ত। আপনি যত কথাই বলুন না কেন আপনার রক্ষা নেই।”
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি এটিএম শামসুজ্জামানের সভাপতিত্বে সভা অন্যদের মধ্যে কবি রবীন্দ্র গোপ, মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য দেন।
