খালেদার সঙ্গে সমঝোতার অর্থ গণতন্ত্রের মৃত্যুদণ্ড: ইনু
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে শেষ লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তার সঙ্গে সমঝোতা মানে গণতন্ত্রের মৃত্যুদণ্ডে দস্তখত করা।
শনিবার দুপুরে রাজধানীর কর্নেল তাহের মিলনায়তনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
জাসদ সভাপতি ইনু বলেন, খালেদার সঙ্গে সমঝোতা মানে গণতন্ত্রের মৃত্যুদণ্ডে দস্তখত করা। এই জঙ্গি নেত্রী ও তার দোসরদের রেহাই দেওয়া হলে তাদের হাতে ইতিহাস হত্যার লাইসেন্স তুলে দেওয়া হবে। তারা যদি সুযোগ পায় তবে ইতিহাস আগুন দিয়ে পুড়িয়ে দিবে। তাই সকলে খালেদা জিয়ার বিরুদ্ধে শেষ লড়াইয়ের প্রস্তুতি নিন।
মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, দেশে চলমান যে রাজনৈতিক দ্বন্দ্ব চলছে তা শুধু দুই নেত্রীর দ্বন্দ নয়। এটা হল বাংলাদেশ ও গণতন্ত্রের সঙ্গে আগুন সন্ত্রাসী ও যুদ্ধাপরাধী, রাজাকারদের দ্বন্দ্ব। তাই এ আগুন সন্ত্রাসীদের কোন সুযোগ দেওয়া যাবে না। তারা সুযোগ পেলে দেশের গণতন্ত্র ও বাংলাদেশকে পোড়াবে।
যারা বঙ্গববন্ধু ও ৭ মার্চকে অস্বীকার করে তারা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে বলেও মন্তব্য করেন তিনি।
“খালেদা জিয়া ও তার দোসর জামায়াত ৭ মার্চকে অস্বীকার করে। কিন্তু এ আগুন সন্ত্রাসীদের মিথ্যা আবর্জনার তলে বাংলাদেশের ইতিহাস ঢাকা পড়বে না।”
সভায় মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতার প্রমুখ।
