২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাশের বিনিময়ে ক্ষমতা চান খালেদা: নাসিম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মানুষ খুন করে লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চান বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2015, 11:19 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

সোমবার বিকেলে পুরান ঢাকার সূত্রাপুরে ১৪ দলের বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতাল-অবরোধের প্রতিবাদের এ সমাবেশ অয়োজন করে ঢাকা মহানগর ১৪ দল।

নাসিম বলেন, “বেগম খালেদা জিয়া আপনিও লাশ চান। মানুষকে খুন করে ক্ষমতায় যেতে চান। বাংলার মাটিতে লাশের উপর দিয়ে আপনাকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। জনগণ তো দূরের কথা, কর্মীরাও আপনার সঙ্গে নেই। বাটি চালান দিয়ে আপনার একজন কর্মী খুঁজে পাওয়া যায় না।”

রাজনীতির স্বার্থে খালেদা জিয়াকে রাজপথে নামারও আহ্বান জানান তিনি।

“রাজনীতি করতে চাইলে, রাস্তায় নেমে আসুন; মানুষের সঙ্গে কথা বলেন। মিছিল-মিটিং করেন; আপনাকের কেউ বাধা দেবে না।”

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়ে নাসিম বলেন, সাদেক হোসেন খোকা আর মাহমুদুর রহমান মান্নার সঙ্গে জনগণের সম্পর্ক নেই। এরা লাশের উপর দিয়ে ক্ষমতা দখল করতে চায়। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এদেরকে ছাড় দেওয়া যাবে না।

তিনি বলেন, “যে যাই বলুক, বিদেশিরা যতই প্রেসক্রিপশন দিক, কোনো কাজ হবে না। কথা পরিষ্কার, ২০১৯ সালে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। সেসময়ই নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ হবে।”

৫ জানুয়ারি নির্বাচন না দিলে দেশে ‘মার্শাল ল’ আসত বলেও মন্তব্য করেন নাসিম।

১৪ দলের এই মুখপাত্র বলেন, “মানুষ মার্শাল ল’ চায় না। তাই শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচন দিয়েছেন।”

সূত্রাপুর থানা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সাংসদ হাজি মো. সেলিম, জাসদ ঢাকা মহানগরের সভাপতি শহীদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরের সভাপতি আবুল হোসেন, সাম্যবাদী দলের হারুণ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।