২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডা. মিলনকে কে হত্যা করেছিল, ‘জানেন না’ এরশাদ

যার মৃত্যু নব্বইয়ের আন্দোলন জোরালো করে এইচ এম এরশাদের পতন ত্বরান্বিত করেছিল, সেই ডা. শামসুল আলম মিলনের খুনিদের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 09:18 PM

Updated : 12 Oct 2022, 03:19 PM

ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোববার জাতীয় পার্টির এক আলোচনা সভায় বক্তব্যে মিলন হত্যার বিচারও দাবি করেন এরশাদ।

নব্বইয়ের গণআন্দোলনে ক্ষমতাচ্যুত এরশাদ বলেন, “মিলনকে হত্যা করা হয়েছিল। কে হত্যা করেছিল, জানি না। ওই হত্যাকাণ্ডের বিচার হয়েছিল কি না, তা ও জানি না।”

এরশাদবিরোধী আন্দোলনের মধ্যে ১৯৯০ সালের ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির কাছে গুলি চালিয়ে হত্যা করা হয় জাসদ নেতা ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব ডা. মিলনকে।

অভিযোগ রয়েছে, আন্দোলন জোরালো হওয়ার মুহূর্তে ক্ষমতা ধরে রাখতে তৎকালীন রাষ্ট্রপতি এরশাদের নামিয়ে দেওয়া সন্ত্রাসীদের গুলিতে মিলন প্রাণ হারান।

মিলনের মৃত্যুর পর আওয়ামী লীগ, বিএনপি ও বামপন্থি দলগুলোর সমন্বয়ে গঠিত তিন জোটের আন্দোলন তীব্র রূপ পায়, যার মধ্য দিয়ে ডিসেম্বরে পতন ঘটে এরশাদের।

মিলন হত্যার বিচার না হওয়ায় তার পরিবারের ক্ষোভ রয়েছে। মিলনের দল জাসদ এরশাদের জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে ছিল কয়েক বছর আগেও।

বিএনপির ভোট বর্জনের মধ্যে মহাজোট ছেড়ে আলাদাভাবে দশম সংসদ নির্বাচনে অংশ নেওয়া এরশাদ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার  বিশেষ দূত।     

১৯৯০ এর আগে ১৯৮৭ সালের ১০ নভেম্বর ঢাকা অবরোধের সময় নিহত যুবলীগকর্মী নূর হোসেনের মৃত্যুর দায়ও অস্বীকার করেন এরশাদ।

তিনি বলেন, “নূর হোসেনকে পেছন থেকে গুলি করে হত্যা করা হয়েছিল। আমি জেল থেকে বেরিয়ে হারিকেন দিয়ে খুঁজে খুঁজে তার বাড়ির সন্ধান করেছি। তার বাবাকে প্রতিমাসে ৫ হাজার করে টাকা দিয়েছি। আজ বলছি, আমরা ডা. মিলন হত্যাকাণ্ডের বিচার চাই। জাতীয় পার্টি ডা. মিলন হত্যার যথাযথ বিচার দাবি করছে।”

বিএনপি জোটের অবরোধ-হরতালকে দায়ী করার পাশাপাশি পরিস্থিতি শান্ত করতে না পারার জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সমালোচনাও করেন জাতীয় পার্টির চেয়ারম্যান, যে সরকারে তার দলের দুজন মন্ত্রী রয়েছেন।

 

“দেশে রাজনীতির নামে চলছে মানুষ পুড়িয়ে মারার মহোৎসব। স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নেই। সরকার বলেছিল, সাত দিনের মধ্যে সব ঠিক হবে। কবে ঠিক হবে?”

“দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে না পারলে দুই দলই আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। এখনও সময় আছে; বলছি, জ্বালাও-পোড়াও বন্ধ করুন। সরকারকে বলছি, মানুষের নিরাপত্তা দিন।”

একুশে ফেব্রুয়ারির একদিন বাদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ভাষা শহীদ দিবসের অনুষ্ঠানে নিজের কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার সুযোগ হওয়ার বিষয়টিও তুলে ধরেন এরশাদ। 

“আজ আমি আবেগে আপ্লুত। ২৬ বছর পর আমি সেই শহীদ মিনারে গেলাম। ইতিহাসের বিচার অত্যন্ত নির্মম। আমি ২৬ বছর শহীদ মিনারে যেতে পারিনি। যাদের কারণে যেতে পারিনি, তারাই আজ (শহীদ মিনারে) যেতে পারেনি।”

জাতীয় পার্টির এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সভাপতিমণ্ডলীর সদস্য এম এ হান্নান, সৈয়দ আবু হোসেন বাবলা, সাইফুদ্দিন আহমেদ মিলন প্রমুখ।

এরশাদকে অপমান!

অনুষ্ঠানে জাতীয় পার্টির এক নেতা শহীদ মিনারে এরশাদের সঙ্গে দলের কয়েকজন নেতার আচরণে ক্ষোভ জানিয়ে বলেন, এর মধ্য দিয়ে দলীয় চেয়ারপারসনকে অপমানিত করা হয়েছে।

জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূইয়া বলেন, “গতকাল রাতে দুজন এমপি স্যারের সঙ্গে বেয়াদবি করেছেন। তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে।”

জাতীয় পার্টির এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চেয়ারম্যান এরশাদ এবং মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু দলের পক্ষ থেকে ফুল দিতে শহীদ মিনারে গিয়েছিলেন। কিন্তু রওশন এরশাদের ঘনিষ্ঠ দুই সংসদ সদস্য মোহাম্মদ সেলিম ও ফকরুল ইমাম জাতীয় পার্টির ফুল সরিয়ে ফেলে বিরোধীদলীয় নেতার ফুল শহীদ মিনারে নিয়ে আসেন। ফলে এরশাদ বিরোধীদলীয় নেতার সঙ্গে ফুল দিতে বাধ্য হন।

ওই নেতা বলেন, “শুধু ফুলই সরিয়ে ফেলা হয়নি, ফুল দেওয়ার সময় এরশাদকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। এর মাধ্যমে আমাদের স্যারকে অপমান করা হয়েছে।”

তবে মোহাম্মদ সেলিমের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।”

দশম সংসদ নির্বাচনে অংশ নিয়ে সরকারে যোগ দিলেও সংসদে বিরোধী দলের আসনে বসছে জাতীয় পার্টি। বিরোধীদলীয় নেতা হয়েছেন এরশাদের স্ত্রী, জাতীয় পার্টির রওশন এরশাদ।

নিজেদের মধ্যে কোনো বিভেদ নেই বলে দুজনে দাবি করলেও বিভিন্ন ঘটনায় তাদের মতদ্বন্দ্ব প্রকাশ্য হচ্ছে মাঝে-মধ্যেই।