২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে শহীদ মিনারে যায়নি বিএনপি

একুশের প্রথম প্রহর থেকে রাজশাহীর শহীদ মিনারগুলোর বেদী ভরে উঠেছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাবনত মানুষের পুস্পাঞ্জলীতে।  

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2015, 08:54 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা জানাতে এলেও এবার বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের পক্ষ থেকে কোনো শ্রদ্ধাঞ্জলী দেওয়া হয়নি।

প্রতিবছর একুশের প্রথম প্রহরে রাজশাহী কলেজ শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা। তবে এই প্রথম ফুলের ডালা নিয়ে শহিদ মিনারে যেতে দেখা যায়নি বিএনপির কোনো নেতাকর্মীকে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও এবার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ফুল দিতে যাননি । তার উপদেষ্টা পরিষদের সদস্য ইনাম আহমেদ চৌধুরীর নেতৃত্বে সকালে বিএনপি শহীদ মিনারে শ্রদ্ধা জানায়।

এবিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগের চেষ্টা করেও রাজশাহী বিএনপির কোনো নেতাকে পাওয়া যায়নি।

রাজশাহী বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে কেন্দ্রীয় বিশেষ সম্পাদক ও জেলা সভাপতি নাদিম মোস্তফা গত ১৯ জানুয়ারি রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হওয়ার পর বিস্ফোরক আইনের একটি মামলায় কারাগারে রয়েছেন।

অন্যদের মধ্যে জেলার সাধারণ সম্পাদক কামরুল মনির বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও তাকে দলীয় কার্মকাণ্ডে দেখা যায় না। দলের যুগ্ম মহাসচিব ও নগর সভাপতি মিজানুর রহমান মিনু, কেন্দ্রীয় কমিটির সদস্য ও নগর সহ-সভাপতি রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও নগরীর সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনকে গাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় তিনটি মামলায় হুকুমের আসামি হওয়ার পর থেকেই তারা আত্মগোপনে আছেন।

এদিকে একুশের প্রথম প্রহরে ভুবনমোহন পার্ক শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। এর পর সেখানে ফুল দেয় জাসদ, ন্যাপ, সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতবৃন্দ।

সেখানে ফুল দেওয়ার পর অবরোধ-হরতালের নামে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিহত করতে ওয়ার্কার্স পার্টি, ন্যাপ ও জাসাদের নেতাকর্মীদের শপথ পাঠ করান সাংসদ বাদশা।

রাজশাহী কলেজ শহীদ মিনারে মহানগর আওয়ামী লীগ এবং কোর্ট শহীদ মিনারে জেলা আওয়ামী লীগের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।  

সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বে শোক র‌্যালি বের হয়।