বিবৃতিতে হরতাল বাড়ানোর বার্তা
আগের দুই সপ্তাহের মতোই বিএনপির নামে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে ৭২ ঘণ্টা হরতালের মেয়াদ আরও দুই দিন বাড়ানোর বার্তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের নামে পাঠানো ওই বার্তায় বলা হয়, “২০ দলীয় জোটের উদ্যোগে চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি পুনরায় আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী চলমান সর্বাত্মক হরতাল কর্মসূচি বর্ধিত করা হল।”
গত ৫ জানুয়ারি থেকে সারা দেশে লাগাতার অবরোধ চালিয়ে আসা বিএনপি ও শরিকরা ফেব্রুয়ারির শুরু থেকেই সাপ্তাহিক ছুটির দুই দিন বাদে প্রতিদিনই হরতাল করে আসছে।
গত দুই সপ্তাহেই প্রথমে রবি থেকে বুধবার ৭২ ঘণ্টার হরতাল ডেকে বিবৃতি পাঠানো হয়, যা পরে বাড়ানো হয় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত।
অজ্ঞাত স্থানে থাকা সালাহ উদ্দিন আহমেদের নামে পাঠানো এসব বার্তার নিচে তার নামের একটি স্বাক্ষর কেটে এনে বসানো থাকছে। তবে বিএনপি বা ২০ দলীয় জোটের অন্য কোনো নেতা হরতালের বিষয়ে সংবাদ মাধ্যমে কথা বলছেন না।
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপি জোটের হরতাল-অবরোধের মধ্যে নাশকতায় প্রাণহানির পাশাপাশি চলমান এসএসসি পরীক্ষা ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের অন্য দিনগুলোতে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।
সরকারি ভাষ্য অনুযায়ী, গত ৫ জানুয়ারি থেকে এ পর্যন্ত পেট্রোল বোমা ও ককটেল হামলায় নিহত হয়েছেন ৫৫ জন, আরও ৫৫৬ জন আহত হয়েছেন।
এ সময় ৬৬৪টি যানবাহন পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ৪১০টি যানবাহন ভাংচুর করেছে অবরোধ সমর্থকরা। ২৮টি স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে। রেলপথে নাশকতার ঘটনা ঘটেছে ২৫টি; নৌপথে ছয়টি।
গত ৩১ জানুয়ারি বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী গ্রেপ্তার হওয়ার পর থেকে যুগ্মমহাসচিব সালাহ উদ্দিনের নামে জোটের বক্তব্য-বিবৃতি গণমাধ্যমে আসছে। তবে গত কয়েক সপ্তাহের মধ্যে সালাহ উদ্দিনকে প্রকাশ্যে দেখা যায়নি।
