প্লিজ উইথড্র করুন, এটা ডিজাস্টার: খালেদাকে মুহিত
হরতাল-অবরোধ ও সহিংসতার পথ থেকে খালেদা জিয়াকে সরে আসার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার বিকালে অর্থমন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ আহ্বান জানিয়ে বলেন, টানা অবরোধ-হরতালে কৃষি খাতের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। চাষিরা পথে বসে গেছেন।
রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের ক্রেতাদের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়বে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, “তবে আশার কথা হচ্ছে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। রাস্তায় যানজট দেখা যাচ্ছে। এখনও পুরো ফ্রি হয়নি।”
হরতাল-অবরোধে চলমান সহিংসতা পরিস্থিতি স্বাভাবিক করার দায় বিএনপির বলেও মন্তব্য করেন মুহিত।
খালেদা জিয়া দেশকে জিম্মি করে রেখেছেন মন্তব্য করে তিনি বলেন, “আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত করাই এই মহিলার একমাত্র উদ্দেশ্য। তিনি দেশের মানুষকে ভোগান্তিতে ফেলেছেন। এভাবে দেশ চলতে পারে না। স্বাভাবিক করার দায় বিএনপির।”
বিএনপি চেয়ারপারসদের উদ্দেশে তিনি বলেন, “প্লিজ উইথড্র করুন, এটা ডিজাস্টার।”
জেলা পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড অচল হয়ে পড়েছে কিনা- জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “নো ডিসফাংশনাল। তবে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার কারণে ক্রাইসিস তৈরি হয়েছে।”
হরতাল-অবরোধ-নাশকতায় দেশের অর্থনীতির কি পরিমাণ ক্ষতি হয়েছে তা চলতি মাসের শেষের দিকে হিসাব-নিকাশ করা হবে বলেও জানান মুহিত।
