বোধোদয় না হলে আইনগত ব্যবস্থা: সুরঞ্জিত
আদালত রুল জারির পর বিএনপির ‘বোধোদয়ের’ প্রত্যাশা করছেন সুরঞ্জিত সেনগুপ্ত।
‘বোধোদয়’ না ঘটলে আইন তার নিজস্ব গতিতে চলবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি।
সোমবার নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য বলেন, “সন্ত্রাস-সহিংসতা বন্ধ করা, এসএসসি পরীক্ষা সময়মত হতে দেওয়া ইত্যাদি বিষয়ে সরকারের পক্ষ থেকে অনেক অনুরোধ উপরোধ করা হয়েছে, কাজ হয়নি। অবশেষে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা এল।”
“প্রত্যাশা করি, আইনের শাসনের প্রতি যদি বিন্দুমাত্র শ্রদ্ধা থাকে তাহলে বিএনপির বোধোদয় হবে, এই তেঁতো হরতাল ও ভোঁতা অবরোধ তুলে নেবে। আমার ভরসা তারা বুঝবেন, অনুধাবন করবেন।”
বিএনপি জোটগত ৫ জানুয়ারি থেকে সারাদেশে লাগাতার অবরোধ দিয়ে রেখেছে। চলতি মাসের শুরু থেকে অবরোধের পাশাপাশি হরতালও দিচ্ছে তারা।
হরতাল-অবরোধের মধ্যে নাশকতায় এ পর্যন্ত ৮০ জনের মৃত্যু হয়েছে।
রোববার এ বিষয়ে একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে হাইকোর্টের একটি বেঞ্চ ‘হরতাল ও অবরোধের নামে নৈরাজ্য রোধে’ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেয়।
‘নৃশংস অবরোধ’ কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে একটি রুলও দেয় হাই কোর্ট।
সুরঞ্জিত বলেন, “যদি তাদের বোধোদয় না ঘটে তাহলে সুপ্রিম কোর্টের রুলের শুনানি পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারপর আইন তার নিজস্ব গতিতে চলবে।”
বিএনপির উদ্দেশে তিনি বলেন, “প্রতিটি আন্দোলনের একটা ন্যায্যতা থাকে। এই ন্যায্যতা নিশ্চিত করতে হয় গণতন্ত্রের মাধ্যমে, সন্ত্রাসের মাধ্যমে নয়। সন্ত্রাস, নাশকতা আন্দোলনের ন্যায্যতাকে ধ্বংস করে।”
তিনি বলেন, বিএনপি এখন জামাত শিবিরের হাতে বন্দি। ওখান থেকে যা নির্দেশ আসে খালেদা ও তারেক তাই শোনেন। এ কারণেই তারা এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।”
“আমার বিশ্বাস অচিরেই তারা নিয়মতান্ত্রিক আন্দোলনে ফিরে আসবে। নইলে অবশিষ্ট যা আছে তাও নিঃশেষ হয়ে যাবে। তখন পরিণতি হবে ভয়াবহ।”
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নৌকা সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি, সাজ্জাদ হোসেন, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।
