চতুর্থদফা রিমান্ডে রিজভী, কারাগারে ফালু
বাসে পেট্রোল বোমা হামলার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে জিজ্ঞাসাবাদে তিন দিনের হেফাজত মঞ্জুর করেছে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন এই হেফাজত (রিমান্ড) মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই মো. বশির আহমেদ জিজ্ঞাসাবাদে ১০ দিন সময় চেয়েছিলেন।
শুনানিতে রিজভীর আইনজীবীরা অভিযোগ করেন, রিমান্ডে তাকে একদিনও গোসল করতে দেওয়া হয়নি। অসুস্থ হওয়ার পরও তাকে রাতে ঠাণ্ডা মেঝেতে ঘুমাতে দেওয়া হয়।
পরে বিচারক আদালতে উপস্থিত তদন্ত কর্মকর্তা এসআই বশির আহমেদের কাছে এ বিষয়ে জানতে চান। জবাবে বশির জানান, রিজভী নিজেই গোসল করেননি।
বিএনপির যুগ্ম মহাসচিবের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট সানাউল্লহ মিয়া, মোহসীন মিয়া, জয়নুল আবেদীন মেজবাহ।
৩০ জানুয়ারি রাতে গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে রিজভীকে আটক করা হয়। এরপর তিন দফা রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদে ফের হেফাজত চাওয়া হয়।
সর্বশেষ নেওয়া পাঁচ দিনের রিমান্ড শেষে সোমবার তাকে কারাগারে পাঠানোর আবেদন করে আদালতে হাজির করা হয়।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১ ফেব্রুয়ারি রাতে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে আটক হওয়ার পর মোসাদ্দেক আলীকে প্রথমে খিলগাঁও থানার একটি মামলায় পাঁচ দিন এবং পরে বাড্ডা থানার একটি মামলায় তিন দিনের রিমান্ডে পাঠানো হয়।
