খালেদার সঙ্গে দেখা করতে চান মানবাধিকারকর্মীরা
চলমান অস্থিরতার মধ্যে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছে মানবাধিকার সংগঠনগুলোর জোট ফেডারেশন অফ বাংলাদেশ হিউম্যান রাইটস অর্গানাইজেশন(এফবিএইচআরও)।
রোববার সন্ধ্যায় ফেডারেশনের পক্ষে নির্বাহী সভাপতি আজমেরি বেগম ছন্দার নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল একটি চিঠি নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান।
১০০টি মানবাধিকার সংগঠন নিয়ে গঠিত এই মোর্চায় আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ মানবাধিকার পরিষদ, বাংলাদেশ আইন অধিকার সংস্থা, বাংলাদেশ শিশু অধিকার ফোরাম, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন রয়েছে বলে সাংবাদিকদের জানানো হয়।
কার্যালয়ের ফটকে পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তারা তাদের ঢুকতে না দিলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এসে ওই চিঠি গ্রহণ করেন।
আজমেরী সাংবাদিকদের বলেন, “চলমান সঙ্কট নিয়ে কী করণীয়, তা নিয়ে আলোচনা করতে আমরা ফেডারেশনের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করার সময় চেয়ে চিঠি দিয়েছি।”
অনুরূপ একটি চিঠি সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও পৌঁছানো হবে বলে জানান তিনি।
এদিকে আইন-সালিশ কেন্দ্র পরে এক বিবৃতিতে জানিয়েছে, এফবিএইচআরও এর সঙ্গে তাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। ফলে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার এই উদ্যোগের সঙ্গেও তারা যুক্ত নয়।
এর আগে ছড়াকার আবু সালেহর নেতৃত্বে ৫ পাঁচজন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চাইলে পুলিশ তাদের ‘না’ করে দেয়।
আবু সালেহ কিছুক্ষণ অপেক্ষা করে চলে যান।
তার আগে কণ্ঠশিল্পী বেবী নাজনীন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়ে বিফল হন। পুলিশ তাকে তুলে নিয়ে গেলেও পরে ছেড়ে দেয়।
সপ্তাহ খানেক ধরে খালেদা জিয়ার কার্যালয়ে কোনো নেতা-কর্মীকে ঢুকতে দিচ্ছে না পুলিশ। তবে খালেদা জিয়ার আত্মীয়-স্বজনরা ঢুকতে পারছে না।
এর মধ্যেই রোববার তুরস্কের রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন। দুদিন আগে যুক্তরাজ্যের হাইকমিশনারও দেখা করেন খালেদা জিয়ার সঙ্গে।
