খালেদার দ্বারে এমপি আজাদ
হরতাল-অবরোধ প্রত্যাহার চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের চেয়ারম্যান, যিনি ওই এলাকার সাংসদ।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে একদল শিক্ষার্থী ও অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে গুলশান-২ নম্বরে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে আসেন বিএনএফ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
খালেদা জিয়ার প্রতি হরতাল-অবরোধ প্রত্যাহারের আহ্বানের পাশাপাশি কূটনৈতিক এলাকা থেকে সব রাজনৈতিক দলের কার্যালয়ে তুলে দেওয়ার দাবি জানান তিনি।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী অবস্থানের সময় আজাদ বলেন, “দেশে অবরোধ হচ্ছে না, হরতাল হচ্ছে না। অবরোধের কী অবস্থা তা তো আপনারা (সাংবাদিকরা) দেখতে পারছেন।
“তাই আমি বেগম খালেদা জিয়াকে আজ অনুরোধ জানাবো- আপনি জনগণের নেত্রী। জনগণের পক্ষে আপনি দ্রুত অবরোধ ও হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নিন।”
গুলশান-বারিধারা ও বনানী থেকে রাজনৈতিক দলের কার্যালয় তোলার দাবি জানিয়ে ওই এলাকায় সংসদ সদস্য বলেন, “বারিধারা-গুলশান একটি ডিপ্লোমেটিক জোন। গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়, বনানীতে রয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মো. এরশাদের কার্য়ালয়।
“এই এলাকায় যদি কোনো বড় ধরনের নাশকতার ঘটনা ঘটে তাহলে রাজনৈতিক দলগুলোকে এর দায় নিতে হবে। সেজন্য আমরা মনে করি, ডিপ্লোমেটিক জোন থেকে সকল রাজনৈতিক দলের কার্যালয় সরিয়ে নেওয়া উচিৎ।”
বিএনএফ চেয়ারম্যান নেতাকর্মীদের নিয়ে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে যেতে চাইলে তাকে সেখানে না যাওয়ার অনুরোধ করেন দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা।
এ সময় ওই পুলিশ কর্মকর্তার উদ্দেশ্যে আজাদ বলেন, “আমি বেগম খালেদা জিয়ার কার্যালয়ের গেইটের সামনে বসব। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সেখানে বসার নির্দেশ রয়েছে।”
এরপর বিএনএফ নেতা-কর্মীদের আর বাধা দেয়নি পুলিশ। তারা খালেদা জিয়ার কার্যালয়ের ফটকের সামনে গিয়ে বসে পড়েন।
দলীয় কর্মসূচিতে স্কুলশিক্ষার্থীদের আনার কারণ জানতে চাইলে বিএনএফ চেয়ারম্যান বলেন, “আমি এই এলাকার এমপি। এই শিক্ষার্থীরা আমার রাজ্যে বসবাস করে। তাদের অনেক দাবি-দাওয়া আছে যা পূরণ হওয়া প্রয়োজন। সেজন্য তারা আমার পাশে দাঁড়িয়েছে।”
গুলশান মডেল স্কুলের একাধিক শিক্ষার্থী জানান, স্কুলের প্রধান শিক্ষকের নির্দেশে তারা কর্মসূচিতে এসেছেন।
তোমরা কি রাজনীতি কর-এ প্রশ্নের জবাবে একজন স্কুল ছাত্র বলেন, “আমরা রাজনীতি করি না। স্যাররা বলেছেন, এসেছি।”
অবস্থান চলাকালে আজাদের সঙ্গে বিএনএফের কেন্দ্রীয় নেতা আতাউর রহমান, এস এম ইসলাম, জহিরুল ইসলাম ভুঁইয়া, মমতাজ জাহান চৌধুরী, শফিউল্লাহ চৌধুরী, ইয়াকুব আলী, খলিলুর রহমান, মাহবুব হাসান, রওশন আলী, খালেদ হোসেন প্রমুখ নেতা ছিলেন।
এক ঘণ্টা অবস্থান শেষে খালেদা জিয়ার কাছে অবরোধ-হরতাল প্রত্যাহারের দাবি জানিয়ে বেলা ১২টা ৩৫ মিনিটে এদিনের মতো কর্মসূচির ইতি টানেন আবুল কালাম আজাদ।
এরপর খালেদা জিয়ার কার্যালয়ের সড়কের একপাশে ‘বঙ্গবন্ধু মুজিব সেনা লীগ’র ব্যানারে বাড্ডা আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের ঘেরাও কর্মসূচিতে অংশ নেন সাংসদ আজাদ।
বিএনএফের কর্মসূচি চলার সময়ে খালেদার কার্যালয়ের ডান দিকে কালাচাঁদপুর উচ্চ বিদ্যালয়ের ৫০/৬০ জন শিক্ষার্থী হরতাল-অবরোধবিরোধী নানা প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করেন। সেখানেও গিয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানান বিএনএফ চেয়ারম্যান।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বাড্ডা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে খালেদার কার্যালয়ে যাওয়ার সড়কের মুখে মানববন্ধন করেন। এ সময় তাদের হাতে ছিল পেট্রোল বোমায় পুড়ে যাওয়া বইপত্র।
