দুই বিএনপিকর্মীকে পিটিয়ে পুলিশে দিলেন আ.লীগ নেতা
ঝিনাইদহ সদর উপজেলায় নাশকতার আশঙ্কায় দুই বিএনপিকর্মীকে পিটিয়ে পুলিশে দিলেন আওয়ামী লীগের এক নেতা।
শনিবার দুপুরে উপজেলার তেঁতুলতলা বাজারে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জে এম রাশিদুল আলম রশিদের নেতৃত্বে স্থানীয়রা এদের ধরে পিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করে ।
আহত সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জুলফিকার আলি ভুট্টো ও বিএনপি কর্মী ইউনুস আলিকে পুলিশ পাহারায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সদর থানার এসআই আনোয়ার হোসেন।
এস আই আনোয়ার বলেন, আওয়ামী লীগ নেতা জে এম রাশিদুল আলম রশিদ আহত অবস্থায় ওই দুজনকে পুলিশে হস্তান্তর করেন।
জে এম রাশিদুল আলম অভিযোগ করেন, বেলা দেড়টার দিকে নাশকতার উদ্দেশ্যে তেঁতুলতলা বাজারে আরো কয়েকজনের সঙ্গে বসে অপেক্ষা করছিলেন জুলফিকার ও ইউনুস আলি।
তিনি দাবি করেন, এ সময় আমার নেতৃত্বে এলাকাবাসী এগিয়ে গেলে অন্যরা পালিয়ে যায়। ওই দুজন জনতার হাতে ধরা পড়ে। জনতা তাদের মারধর করে পুলিশে দিয়েছে।
তবে আটক দুজন অভিযোগ অস্বীকার করেছেন।
