২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্ঞানপাপীরা জঙ্গিবাদের দূতিয়ালি করছে: মহিউদ্দিন

দেশের এক শ্রেণির অর্বাচীন জ্ঞানপাপীরা জঙ্গিবাদের পক্ষে দূতিয়ালি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2015, 11:30 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

শুক্রবার বিকালে পাহাড়তলি আওয়ামী লীগের আয়োজনে নগরীর অলঙ্কার মোড়ে অনুষ্ঠিত ‘নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী’ জনসভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন বলেন, যারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাদের সাথে কোনো সংলাপ বা আলোচনা হতে ‍পারে না।

“এক শ্রেণির অর্বাচীন জ্ঞানপাপীরা জঙ্গিবাদ ও নাশকতার বিষয়টিকে আড়াল করে তথাকথিত শুভ উদ্যোগের নামে অশুভ শক্তিকে ইন্ধন দিচ্ছেন। আসলে এরা জঙ্গিবাদের দূতিয়ালি করছেন।”

মহিউদ্দিন বলেন, এরা কখনো জনগণের বন্ধু ছিলেন না। অশুভ শক্তির অর্থে পকেট ভারি করে তারা মিডিয়ায় প্রকৃত সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্যে পরিণত করেন। এরা পাপিষ্ঠ হিসেবে ঘৃণার যোগ্য।

সভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, জঙ্গিবাদের উত্থানের খলনায়িকা বেগম জিয়া। তার পলাতক পুত্র তারেক জিয়ার নির্দেশে দেশে প্রতিদিন মানুষ হত্যা হচ্ছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নাছির বলেন, জনগণ অতিষ্ঠ, তাদের সংগঠিত করুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়ক শক্তি হিসেবে কাজ করুন।

পাহাড়তলি থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল ‍আবছার মিয়ার সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ দিদারুল আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সম্পাদকমণ্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক ও শেখ ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ।