২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার দায় নিলে পরবর্তী করণীয়: হানিফ

চলমান অবরোধ-হরতালে হত্যাযজ্ঞের দায় বিএনপি জোট স্বীকার করলেই কেবল পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 11:54 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

বৃহস্পতিবার যশোর ঈদগাহে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, “সুশীল সমাজের নেতাদের আমি অনুরোধ করবো বিএনপি জামায়াতের জ্বালাও-পোড়াওয়ের জন্য সরকারের বিরুদ্ধে ধোঁয়া তুলবেন না। আগে বলুন বিএনপিকে তারা পেট্রোল বোমায় মানুষ হত্যার দায় স্বীকার করে কিনা। যদি বিএনপি-জামায়াত এই দায় নেয় তবে সরকার তার করণীয় পদ্ধতি কি আছে তা নির্ধারণ করবে।”

সম্প্রতি রাজধানীতে ‘সংকট নিরসনে জাতীয় সংলাপ’ শীর্ষক এক আলোচনা সভা থেকে সরকার ও বিএনপি জোটকে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়।

অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অন্য নেতারাও বলে আসছেন, হত্যাকারীদের সঙ্গে আলোচনার কোনো প্রশ্নই আসে না।

খালেদা জিয়ার সমালোচনা করে হানিফ বলেন, “তিনি ভেবেছিলেন বিদেশি প্রভুরা তাকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবেন। যখন দেখলেন কাজ হচ্ছে না তখন আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।

“উনি বলছেন ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ভোটের অধিকার কে হরণ করেছিল? ৫ জানুয়ারি দশম নির্বাচনের আগে ৫শ’টি ভোট কেন্দ্র পুড়িয়ে দেয়, ১৪০ জনকে ভোট দিতে যাওয়ার সময় পিটিয়ে হত্যাকাণ্ডে ভোটের অধিকারে বাধা দিয়েছিলেন। ভোটের অধিকারের বাধা দেয়ার জন্য যদি বিচার করতে হয়, খালেদা জিয়ার বিচার করা উচিৎ।”

সকাল সাড়ে ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত সম্মেলনের অধিবেশন চলে।

এর উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজু।

কাজী জাফর উল্লাহ বলেন, “দেশের এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী খালেদা জিয়া। তিনি টাকা দিয়ে, নির্দেশনা দিয়ে জঙ্গিদের মাঠে নামিয়ে দিয়েছেন। তারা বাসে পেট্রোল বোমা মারছে, সন্ত্রাস করছে, জ্বালাও পোড়াও চালিয়ে যাচ্ছে। এটা বন্ধ না হলে এই জঙ্গিরা খালেদা জিয়াকেও ছাড়বে না।”

তিনি বলেন, “জঙ্গিদের দমন করতে হলে, সন্ত্রাস দমন করতে হলে, গণতন্ত্রকে রক্ষা করতে হলে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।”

দলের কৃষিবিষয়ক সম্পাদক সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক এমপি খালেদা জিয়াকে দেশের আপদ আখ্যায়িত করে বলেন, “খালেদা জিয়া গণতন্ত্র ও মানবতায় বিশ্বাস করে না। সে কারণে তিনি জীবন্ত ৭৫ মানুষকে পুড়িয়ে মেরেছেন। তার দেওয়া আগুনে শিশুসহ শতশত মানুষ দগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই আপদকে বিদায় করতে না পারলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না, দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে না।”