জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে সাবের
২০১৫ পরবর্তী উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের তদারকিতে নির্বাচিত পার্লামেন্ট সদস্যদের সম্পৃক্ততা নিশ্চিতের ওপর জোর দিয়েছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী।
মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই বিশ্ব সংস্থার উদ্যোগে গৃহীত ২০১৫ পরবর্তী উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে বিভিন্ন দেশের নির্বাচিত পার্লামেন্ট এবং স্থানীয় সরকারের ভূমিকা নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।
সাবের হোসেন এ লক্ষ্যে কার্যকর কৌশল প্রণয়নের জন্য জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহবান জানান, যাতে জনগণের উন্নয়ন ত্বরান্বিত হয়।
বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা উন্নয়ন এজেন্ডা বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতে সংসদ সদস্যদের তদারকি কৌশল নিয়ে মতবিনিময় করেন। দুর্যোগ মোকাবেলা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে বাংলাদেশের সাফল্যও বৈঠকে প্রশংসিত হয়।
বৈঠকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেনসহ সদস্য রাষ্ট্রগুলোর স্থায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
