২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্যাতন করে নাম বলানো হচ্ছে: চট্টগ্রাম বিএনপি

গ্রেপ্তার নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়ে জবানবন্দিতে নাশকতার ইন্ধনদাতা হিসেবে ২০ দলীয় জোটের নেতাদের নাম বলানো হচ্ছে বলে অভিযোগ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 07:54 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

গ্রেপ্তার কয়েকজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নেতাদের নাম আসছে বলে গণমাধ্যমে খবর আসার প্রতিক্রিয়ায় বুধবার বিএনপির নেতারা এক যুক্ত বিবৃতিতে এই অভিযোগ করেন।

নগর বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সেলিম বিবৃতিটি গণমাধ্যমকে পাঠান।

বিবৃতিদাতা নেতারা হলেন- নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক হুইপ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ রোজী কবির, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল আলম ও মাহবুবুর রহমান শামীম, নগর সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও সহ-সভাপতি আবু সুফিয়ান।

বিবৃতিতে বলা হয়, “পুলিশের কিছু অতিউৎসাহী কর্মকর্তা চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার হওয়াদের কাছ থেকে রিমান্ডে অমানবিক নির্যাতন করে তাদের দিয়ে বিএনপি ও ২০ দলীয় জোটের রাজনৈতিকভাবে সক্রিয় নেতাদের নাম বলতে বাধ্য করছে।

“১৬৪ ধারায় নেওয়া এসব জবানবন্দি শেষ হওয়ার আগেই তা গণমাধ্যমে প্রচার করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সরবরাহ করা হচ্ছে। এভাবে পুলিশ বিএনপি নেতাকর্মীদের সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন করে জনগণের চোখে অপরাধী বানানোর অপচেষ্টা চালাচ্ছে।“

সম্প্রতি নগরীর বিভিন্ন স্থানে হাতবোমা ও পেট্রোল বোমাসহ আটক একাধিক হামলাকারী হামলায় অর্থ জোগানদাতা ও সংগঠক হিসেবে বিএনপি ও যুবদলের একাধিক নেতার নাম বলেছে বলে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।

নাশকতায় জড়িত থাকার কথা অস্বীকার করে বিএনপি নেতাদের বিবৃতিতে বলা হয়, আন্দোলন বানচাল করতে এসব ঘটনা ঘটানো হচ্ছে।

“আগ্রাবাদ সিজিএস কলোনিতে আওয়ামী লীগ অফিস থেকে উদ্ধার করা পেট্রোল বোমার ঘটনায় কোনো মামলা হয়নি, কোনো গ্রেপ্তারও নেই।”