২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জনরোষ থেকে বাঁচার চেষ্টায়: হাসিনা

হরতাল-অবরোধের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন জনগণের রোষের মুখে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 06:21 PM

Updated : 25 Apr 2022, 01:00 PM

“উনি ঘর ছেড়ে অফিসে থেকে কাঁটাতারের বেড়া দিয়ে নিরপাদ করছেন জনরোষ থেকে রক্ষা পেতে। তার কর্মকাণ্ডে মানুষ এত ক্ষেপে গেছে যে আক্রমণ করতে পারে। জনগণের হাত থেকে রক্ষা পেতে নিজেকে সুরক্ষিত করছেন তিনি।”

লাগাতার অবরোধ ডেকে এক মাসের বেশি সময় ধরে নিজের কার্যালয়ে অবস্থানরত চেয়ারপারসনের ওই কার্যালয় ঘিরে বিএনপির কাঁটাতারের বেষ্টনি তৈরির দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ সভানেত্রী বুধবার সংসদে এ কথা বলেন।

অবরোধ-হরতাল প্রত্যাহারের দাবিতে গত কয়েকদিন ধরে গুলশানে খালেদা জিয়ার ওই কার্যালয় ঘেরাও করছে সরকার সমর্থক বিভিন্ন সংগঠন। এছাড়া পরীক্ষা কর্মসূচির আওতামুক্ত রাখতে শিক্ষার্থী-অভিভাবকরাও কর্মসূচি পালন করছে সেখানে।

অবরোধ-হরতালে নাশকতার জন্য বিএনপি নেত্রীকে দায়ী করে শেখ হাসিনা বলেন, “খালেদা জিয়া দস্যুবৃত্তি করছে। খালেদা জিয়া জঙ্গী রাজনীতি করছে। খালেদা জিয়া খুনি। বাংলা ভাইয়ের মা।”

‘জঙ্গি’ তৎপরতার জন্য বিএনপি ও জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করা হবে কি না- সংসদে এই প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, “জনগণ চাইলে এমনিতেই তারা নিষিদ্ধ হবে।”

নাশকতা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “নাশকতা সৃষ্টিকারীদের প্রতিহত করার জন্য যতটুকু কঠোর হওয়ার আমরা তা হব।

“আমি স্পষ্ট করে বলতে চাই, এই নাশকতা বন্ধ করুন। তা না হলে এ দেশের জনগণ তার উপযুক্ত জবাব দেবে।”

নাশকতার অভিযোগে হুকুমের আসামি করে খালেদার বিরুদ্ধে মামলার বিষয়ে সরকার প্রধান বলেন, “তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

খালেদা জিয়ার কার্যক্রমে ক্ষোভ জানিয়ে শেখ হাসিনা বলেন, “৩৬ দিন হয়ে গেল- তিনি একই ঘটনা ঘটিয়ে যাচ্ছেন। কেন? বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না? উনি কার ওপর প্রতিশোধ নিচ্ছেন? তার বিচার এদেশে হবে।”

প্রধানমন্ত্রী সংসদকে জানান, ৫ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বোমা নিক্ষেপের ঘটনায় ৩৯ জন মারা গেছেন। ১৭৯টি বিভিন্ন ধরনের যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। রেলপথে নাশকতার ২৩টি ঘটনা ঘটেছে।

পুরনো খবর:

খালেদার কার্যালয় কাঁটাতারে ঘিরছে বিএনপি