২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদের ভবিষ্যৎ নষ্ট করবেন না, খালেদাকে শিক্ষার্থীরা

শিক্ষা কার্যক্রমকে হরতাল-অবরোধের আওতামুক্ত রাখার দাবিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দ্বিতীয় দফায় স্মারকলিপি দিয়েছেন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 04:46 PM

Updated : 12 Oct 2022, 03:16 PM

বাংলাদেশ বেসরকারি কারিগরি শিক্ষক সমিতির ব্যানারে দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গুলশান ২ নম্বর গোলচত্বর এলাকায় মানববন্ধন ও সমাবেশ করেন।

এরপর পাঁচ সদস্যের শিক্ষকদের একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দিয়ে আসেন।

খালেদার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী সিএসএফের সদস্য ফারুক আহমেদ স্মারকলিপি গ্রহণ করেন।

শিক্ষকরা বিএনপি চেয়ারপারসনে কার্যালয়ের দিকে যাওয়ার সময় ‘শিক্ষা নিয়ে রাজনীতি/চলবে না, চলবে না’, ‘শিক্ষা নিয়ে রাজনীতি/বন্ধ করো করতে হবে’ ইত্যাদি শ্লোগান দিতে থাকে।

এ সময় তাদের হাতে ‘বইয়ের ট্রাকে আগুন কেন/জবাব চাই’, ‘আমরা পরীক্ষা দিতে চাই’, ‘আমাদের ভবিষ্যৎ নষ্ট করবেন না’, ‘সময় মতো পড়াশোনা শেষ করতে চাই’ বিভিন্ন দাবি সম্বলিত প্লাকার্ড ও ফেস্টুন দেখা যায়।

মানববন্ধনে অংশ নেওয়া উত্তরখানের কাচকুরা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী মো. হাবিব বলেন, “কাচকুরা উচ্চ বিদ্যালয় থেকে আমার ছোট বোন তানিয়া

এসএসসি পরীক্ষা দেবে। হরতাল-অবরোধে তার পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে। প্রত্যেকদিন ভয়ে কাটছে। আমরা এই অবস্থার অবসান চাই।”

বাংলাদেশ বেসরকারি কারিগরি শিক্ষক সমিতির সভাপতি শাহজাহান আলম সাজু বলেন, “আমরা শিক্ষক-শিক্ষার্থীরা সাধারণ মানুষের মতো বাঁচতে চাই। নিয়মিত ক্লাস ও পরীক্ষা নিতে চাই। কিন্তু অরবোধে শিক্ষার্থীদের শিক্ষাজীবন চরম হুমকির মাঝে আছে।

“খালেদা জিয়া তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর তার নাতিদের পড়াশোনার জন্য বিদেশে পাঠিয়ে দিয়েছেন। এই দেশের ছেলেমেয়েরা কোন অপরাধে ক্লাস ও পরীক্ষা দিতে পারবে না?”

মহানগর কারিগরি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী কথা আক্তার বলেন, “অবরোধে আমরা ক্লাসে যেতে ভয় পাই। কিন্তু এভাবে দিনের পর দিন ক্লাস না করলে পরীক্ষার সময় আমরা ভাল কিছু লিখতে পারব না। আমরা এই অবরোধ ও হরতাল চাই না।”

শিক্ষক-শিক্ষার্থীদের পর গুলশান ২ নম্বরে হরতাল-অবরোধ প্রত্যাহার দাবিতে বিক্ষোভ করেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের নেতাকর্মীরা।

বিএনপি প্রধান খালেদা জিয়ার ডাকে গত ৫ জানুয়ারি থেকে সারা দেশে অবরোধ চলছে। অবরোধের ফাঁকে ফাঁকে হরতালেরও ডাক আসছে বিএনপি-জামায়াত জোটের পক্ষ থেকে।

এসব কর্মসূচিতে প্রায় প্রতিদিনই রাজধানীসহ সারা দেশে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে, যাতে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

হরতাল-অবরোধের কারণে বুধবার তৃতীয় দফায় এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে।

শিক্ষা কার্যক্রম হরতাল-অবরোধের আওতামুক্ত রাখার দাবিতে এর আগে গত ৫ ফেব্রুয়ারি গুলশানে গিয়ে বিএনপি চেয়ারপারসনকে স্মারকলিপি দিয়ে আসেন ঢাকার বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক-শিক্ষার্থী।