সংলাপের জন্য খালেদাকে নাগরিক সমাজের চিঠি
সংলাপের উদ্যোগ নিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে খোলা চিঠি দিয়েছে নাগরিক সমাজের একাংশ।
সোমবার সন্ধ্যায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা স্বাক্ষরিত চিঠিটি গুলশান কার্যালয়ে পৌঁছে অ্যাডভোকেট প্রিন্স চঞ্চল মাহমুদ।
খোলা চিঠি গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংক্ষিপ্ত এই চিঠিতে বর্তমান সংকটের কথা উল্লেখ করে তার সমাধানে জাতীয় সংলাপের অত্যাবশ্যকীয়তা তুলে ধরে এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের শুভ উদ্যোগ কামনা করেন নাগরিক সমাজের পক্ষে এটিএম শামসুল হক।
শনিবার রাজধানীতে এক মতবিনিময় সভায় জাতীয় সংলাপের বিষয়ে ঐক্যমত পোষণ সংক্রান্ত এক পৃষ্ঠার একটি সনদের অনুলিপি চিঠির সঙ্গে যুক্ত রয়েছে বলেও জানান তিনি। ওই সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না একটি ঘোষণা পাঠ করেন।
দলনিরপেক্ষ বিশিষ্ট নাগরিকদের নিয়ে জাতীয় সংলাপের জন্য একটি কমিটি গঠনের কাজ চলছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
তবে এসব সংবাদে এই সংলাপের উদ্যোক্তাদের ‘দলনিরপেক্ষ’ বলা হলেও তাদের কেউ কেউ ২০০৭ সালের এক এগারোর পট পরিবর্তনে তৎপর ছিলেন বলে মনে করা হয়।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে শনিবারের ‘জাতীয় সংকট নিরসনে জাতীয় সংলাপ’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে জাতীয় ঐক্য প্রক্রিয়া।
ওই সভার দুই অধিবেশনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান ও এ টি এম শামসুল হুদা সভাপতিত্ব করেন।
আলোচনায় অংশ নেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, আইনজীবী শাহদীন মালিক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আরেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, গণফোরামের নেতা মোস্তফা মহসিন মন্টু, ডাকসুর সাবেক সহসভাপতি সুলতান মো. মনসুর আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আইনজীবী সুব্রত চৌধুরী।
