নিহত নেতা-কর্মীদের তালিকা দূতাবাসে পাঠিয়েছে বিএনপি
গত এক মাসে অবরোধ-হরতালের মধ্যে নিহত ২০ দলের নেতা-কর্মীদের নামের একটি তালিকা বিদেশি দূতাবাসগুলোতে পাঠিয়েছে বিএনপি।
সেই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর কাছেও এই তালিকা পাঠিয়ে এ বিষয়ে তাদের সরেজমিনে তদন্ত করার অনুরোধ জানিয়েছে দলটি।
আগামী সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি দেখতে ঢাকায় আসছে। এই প্রেক্ষাপটেই এই তালিকা দেওয়া হয়েছে বলে বিএনপির একাধিক সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছে।
খালেদা জিয়া গত গত ৫ মার্চ অবরোধের ঘোষণা দেওয়ার পর বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি-জামায়াত জোটের বেশ কয়েকজন নেতা-কর্মী নিহত হয়েছে।
এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন কয়েকজন নেতা-কর্মী, যাকে হত্যাকাণ্ড বলছে বিএনপি।
গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে অবস্থানরত তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “৫ জানুয়ারি থেকে সারাদেশে যৌথ অভিযানের নামে বিএনপিসহ ২০ দলীয় জোটের অসংখ্য নেতা-কর্মীর গ্রেপ্তারের পাশাপাশি কথিত বন্দুকযুদ্ধের সাজানো নাটকের মাধ্যমে হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে।
“কথিত ‘ক্রসফায়ার’,‘বন্দুকযুদ্ধ’ ও ট্রাকের নিচে ফেলে হত্যাকাণ্ডের পাশাপাশি পুলিশি হেফাজতে নেতা-কর্মীদের পায়ে গুলি করে পঙ্গুও করা হচ্ছে।”
বিএনপির হিসাব অনুযায়ী, গত ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের দিন থেকে রাজনৈতিক সহিংসতায় ৭৮ জন প্রাণ হারিয়েছেন, এর মধ্যে বিরোধী জোটের নেতা-কর্মীর সংখ্যা ৪৩ জন।
এছাড়া গত এক মাসে ১৮ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার এবং প্রায় ৭ লাখের বেশি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে বলেও বিএনপির দাবি।
নিহতের তালিকায় যাদের নাম রয়েছে, তারা হলেন- নাটোরের তেবাড়িয়ার রাকিব মুন্সি, রায়হান আলী, রাজশাহীর মহানগরের আইনুর রহমান মুক্ত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহাবুদ্দিন, বানেশ্বরের মজিরউদ্দীন, গোদাগাড়ীর মো. এসলাম, বিনোদপুরের নুরুল ইসলাম শাহিন, চাঁপাইনবাবগঞ্জের কানসাটের জমসেদ আলী,আসাদুল্লাহ তুহিন, শিবগঞ্জের মতিউর রহমান, নোয়াখালীর বেগমগঞ্জের মিজানুর রহমান, মহসিন উদ্দিন, মো. সোহেল, সোনাইমুড়ির মোরশেদ আলম পারভেজ, চুয়াডাঙ্গার শংকরচন্দ্রপুরের সিরাজুল ইসলাম, নড়াইলের ইমরুল কায়েস, ঢাকার খিলগাঁওয়ের নুরুজ্জামান জনি, ঢাকা কলেজের এমদাদ উল্লাহ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসের ছাত্র আরিফুল ইসলাম মুকুল, মাতুয়াইলের সাখাওয়াত হোসেন রাহাত, মুজাহিদুল ইসলাম জাহিদ, ভাসানটেকের আল আমীন, আগারগাঁওয়ের জসিমউদ্দিন, সোলাইমান উদ্দিন, চট্টগ্রামের লোহাগাড়ার সাকিবুল ইসলাম, রাঙ্গুনিয়ার জিল্লুর রহমান ভান্ডারী, ভোলা সদরের আবুল কালাম, চরফ্যাশনের হারুন অর রশীদ, ঝিনাইদহের শৈলকুপার সুলতান আলী বিশ্বাস, সাতক্ষীরার তালার রফিকুল ইসলাম, রামনগরের শহীদুল ইসলাম, ময়মনসিংহের নান্দাইলের আসিফ পারভেজ টুকুন, যশোরের চৌগাছার আবদুস সামাদ মোল্লা, মনিরামপুরের মো. ইউসুফ, দুর্গাপুরের মো. লিটন, রাজু, সিরাজগঞ্জের উল্লাপাড়ার সাইদুল ইসলাম,কুমিল্লা সদর দক্ষিণের স্বপন, চৌদ্দগ্রামের সাহাবুদ্দিন পাটোয়ারি, পিরোজপুরের বাচ্চু মিয়া ।
