২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দানবের সঙ্গে মানবের সংলাপ নয়: ইনু

চলমান নাশকতা ‘বন্ধ না করলে’ বিএনপির সঙ্গে ‘কোনো সংলাপ হবে না’ বলে সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 02:29 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দানবের সঙ্গে মানবের কোনো সংলাপ বা রাজনৈতিক আলোচনা হবে না। আগুনে মানুষ পুড়িয়ে মারা নেতার সঙ্গে সংলাপ আর সম্ভব নয়।”

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধের এক মাস তিন দিন পর চলমান নাশকতা নিয়ে এই সংবাদ সম্মেলনে এলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, “দেশব্যাপী চলমান নাশকতা বন্ধ করলে বিএনপির সঙ্গে সংলাপ বা রাজনৈতিক আলোচনা নিয়ে চিন্তা করা হবে।”

সংলাপের কথা বললেও বিএনপি ‘গঠনমূলক কোনো প্রস্তাব’ দিতে পারেনি মন্তব্য করে ইনু বলেন, সাংবিধানিক শূন্যতা সৃষ্টির জন্য ২০ দলীয় জোট নেত্রী ‘অস্বাভাবিক প্রস্তাব’ দিচ্ছেন।

গত ৫ জানুয়ারি সারা দেশে অবরোধ ডাকার আগে গত বছরের শেষ দিন সংবাদ সম্মেলন করে সব পক্ষের সামনে সাত দফা প্রস্তাব তুল ধরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তার ওই প্রস্তাবের মূল বক্তব্য ছিল ‘নির্দলীয়’ সরকারের অধীনে অবিলম্বে জাতীয় নির্বাচন করা, যে সরকার হবে ‘প্রতিদ্বন্দ্বী সব পক্ষের’ সম্মতির ভিত্তিতে।

খালেদার সেই প্রস্তাবকে ‘অসাংবিধানিক’ হিসাবে উল্লেখ করে তখনই সরকারের পক্ষ থেকে নাকচ করে দেওয়া হয়।  

এরপর নির্বাচনের বর্ষপূর্তির দিনে ঢাকায় সমাবেশ করতে না পেরে সারা দেশে লাগাতার অবরোধ ডাকেন খালেদা জিয়া। এই কর্মসুচির মধ্যেই দফায় দফায় হরতাল করছে ২০ দল যাতে প্রতিদিনই নাশকতার ঘটনা ঘটছে।    

অবরোধ-হরতালে নাশকতা-সহিংসতায় এ পর্যন্ত ৬০ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই মারা গেছেন বোমার আগুনে পুড়ে।

এসব নাশকতার জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে আইনের ধারা খতিয়ে দেখা হচ্ছে বলেও তথ্যমন্ত্রী জানান।

‘সুশীল সমাজের’ যে প্রতিনিধিরা সংলাপের পক্ষে বলছেন, তাদের সমালোচনায় জাসদ সভাপতি ইনু বলেন, “আমার বুদ্ধিজীবী বন্ধুরা আরও ভাল করে হোমওয়ার্ক করে, ভাল করে পড়াশোনা করে প্রস্তাব দিক।”

নির্বাচন নয়, খালেদা জিয়ার ‘গোপন এজেন্ডা’ রয়েছে- মন্তব্য করে ইনু বলেন, “এজন্য তার রহস্যময় ভূমিকা দেখছি। তিনি দেশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরিতে ব্যস্ত আছেন।”

তিনি বলেন, মানুষ শান্তি ও স্বাভাবিকতা চয়। সরকারও শান্তি ও স্বাভাবিকতা চায়। খালেদা জিয়া ‘সন্ত্রাস, নাশকতা ও সহিংসতা ছাড়লে’ শান্তি প্রতিষ্ঠার কাজটি ‘সহজ হতো’।

“যত কঠিনই হোক না কেন, সরকারকে শান্তি প্রতিষ্ঠায় কঠিন পথই গ্রহণ করতে হচ্ছে এবং হবে”, বলেন তিনি।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ইনু বলেন, “আপনি যদি নাশকতায় জড়িত না থাকেন, ধোয়া তুলসিপাতা হোন তাহলে ঘর থেকে বের হয়ে নাশকতার বিরুদ্ধে মাঠে নামুন।”

অন্যদের মধ্যে প্রধান তথ্য কর্মকর্তা তছির উদ্দিন আহমদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।