খালেদা ‘হেফাজতকাণ্ড’ ঘটাতে চেয়েছিলেন: প্রধানমন্ত্রী
‘হেফাজতকাণ্ড’ ঘটানোর জন্য খালেদা জিয়া ৫ জানুয়ারি সমাবেশ করতে চেয়েছিলেন বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সাংসদ আবদুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “বসে থাকার জন্য খালেদা জিয়া ৫ জানুয়ারি ঢাকায় জনসভা করতে চেয়েছিলেন। যেখানে সভা করবেন, সেখানে বসে থাকবেন, আর উঠবেন না, এই ছিল তার পরিকল্পনা।”
তিনি বলেন, ৪ মে খালেদা জিয়া দেশবাসীকে ঘর ছেড়ে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন। তবে তার ডাকে কেউ সাড়া দেয়নি। এখন তিনি দামি সোফা আর কার্পেট সাজিয়ে অফিসে বসে আছেন। তার জন্য দামি হোটেল থেকে খাবার যাচ্ছে। চর্ব্য, চোষ্য, লেহ্য, পেয় সবই খাচ্ছেন। আর বসে বসে দেশের মানুষকে পুড়িয়ে মারার নির্দেশ দিচ্ছেন।
ছেলের প্রতি খালেদার ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, “তার ছেলের মৃত্যু হয়েছে। অথচ তিনি কাঁতরও না, পাথরও না। এই ছেলেটি অসুস্থ ছিল। মালয়েশিয়ায় যেতে তিন-চার ঘণ্টা লাগে। অথচ তিনি একবারও ছেলেটিকে দেখতে যাননি। যে মহিলা নিজের ছেলেকে ভালোবাসেন না, তিনি দেশকে কীভাবে ভালোবাসবেন?”
খালেদা জিয়া দেশকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন মন্তব্য করে তিনি বলেন, “বিষধর সাপের মত ফনা তুলে ফোঁস ফোঁস করছেন আর জনগণকে কামড়ে কামড়ে খাচ্ছেন। এদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
সানজিদা খানমের সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, নাশকতার সঙ্গে জড়িতরা যাতে জামিন না পান, সে বিষয়ে সরকারি আইনজীবীদের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নাসিমা ফেরদৌসীর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, গত জানুয়ারির প্রথম সপ্তাহ হতে বিএনপি-জামায়াত কোনো কারণ ছাড়াই অবরোধ-হরতালের নামে নিরীহ মানুষের ওপর বোমা নিক্ষেপ করে নৃশংসভাবে পুড়িয়ে মারছে। বাস, ট্রেন আর লঞ্চে আগুন দিয়ে সরকারি-বেসরকারি সম্পদের ক্ষতি করছে।
তিনি জানান, ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে আহতদের পোড়া চামড়ার গন্ধ আর তাদের আহাজারি যে কোনো মানুষের মনে দাগ কাটবে। তারপরও বিএনপি-জামায়াত সন্ত্রাসী কার্মকাণ্ড চালাচ্ছে। ১৫ লাখ পরীক্ষার্থীকে জিম্মি করে নাশকতা করছে।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। নাশকতাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। সহিংসতার সঙ্গে জড়িত এবং এর হুকুমদাতাদের আইনের আওতায় আনতে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, নাশকতার পরিকল্পনকারী ও মদদদাতাদের তালিকা করে গ্রেপ্তার করার জন্য পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।
