২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোকার মুরোদ জানা আছে: কামরুল

ঢাকাকে ‘আওয়ামী লীগমুক্ত’ করা নিয়ে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার মন্তব্যের জবাবে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপি ‘নাশকতা বন্ধ করে’ শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে মাঠে এলেই বোঝা যাবে ‘কার কত শক্তি’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 08:26 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

২০ দলীয় জোটের হরতাল-অবরোধের প্রতিবাদে বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সামনে এক মানববন্ধনে কামরুল বলেন, “আপনি (সাদেক হোসেন খোকা) আন্দোলন করতে ব্যর্থ হয়ে খালেদা-তারেকের ভয়ে আমেরিকা পালিয়ে গেছেন। আপনার মুরোদ আমাদের জানা আছে।”

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র খোকা সম্প্রতি নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে বলেন, “র‌্যাব-পুলিশ এবং বিজিবি সরকারদলীয় পেটোয়া বাহিনীর পরিবর্তে নিরপেক্ষ ভূমিকায় অবতীর্ণ হলে ঢাকা সিটিকে আওয়ামী দস্যুদের কবল থেকে মুক্ত করতে ৩০ মিনিটের বেশি সময় লাগবে না।

এজন্য নিউ ইয়র্ক থেকে ‘একটি টেলিফোনই যথেষ্ট’ বলে মন্তব্য করেন ‘চিকিৎসার জন্য’ কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে থাকা এই বিএনপি নেতা।

তার জবাবে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল বলেন, “নাশকতার পথ পরিহার করে শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে মাঠে নামুন, দেখি কার কত শক্তি। কথা দিচ্ছি, পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে। তখন ঢাকা আওয়ামী লীগের না, বিএনপির তা প্রমাণ হয়ে যাবে।”

বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের ‘নির্দেশেই’ ৫ জানুয়ারি থেকে লাগাতার অবরোধের মধ্যে নাশকতা হচ্ছে দাবি করে তিনি বলেন, “আজ বিএনপির সিনিয়র নেতারা কথা বলেন না। কারণ তারা সন্ত্রাস ও নাশকতা পছন্দ করেন না। কিন্তু তারা এ থেকে বেরিয়েও আসতে পারছেন না। সেদিন বেশি দূরে নয়, যখন বিএনপির শুভ বুদ্ধির নেতারা সত্য কথা বলে বিএনপি থেকে বেরিয়ে আসবেন।”

আইনশৃঙ্খলা বাহিনী নাশকতা বন্ধে কঠোর অবস্থানে থাকলেও ‘রাতের অন্ধকারে’ পেট্রোল বোমা মারা হচ্ছে বলে নাশকতাকারীদের ঠেকানো যাচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।

অন্যদের মধ্যে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজউদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মানববন্ধনে অংশ নেন।