গণতন্ত্রের পথে খালেদা বাধা: ইনু
যুদ্ধাপরাধীদের বিচার এবং ডিজিটাল বাংলাদেশ ঘোষণার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সোমবার সচিবালয়ে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫’ আয়োজন নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, যখন ডিজিটাল বাংলাদেশ ঘোষণা দেওয়া হয় তখন খালেদা জিয়া ঠাট্টা মস্করা করেছিলেন।
ইনু বলেন, “উনি (খালেদা জিয়া) বলেছিলেন হারিকেন দিয়ে কি মানুষ কম্পিউটার চালাবে, তখন বিদ্যুৎ ছিল না, কারণ তিনি অন্ধকারে বাংলাদেশকে রেখে গিয়েছিলেন।”
“গত ৬ বছরে হারিকেন দিয়ে কম্পিউটার চালাতে হয়নি, বিদ্যুতও দিয়েছি এবং কম্পিউটারও দিয়েছি। আধুনিক ডিজিটাল বাংলাদেশ তৈরিতে অনেকদূর এগিয়ে গেছি।”
তথ্য প্রযুক্তির মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী হলেও এই চলার পথে খালেদা জিয়া বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, “এই বাধা অতিক্রম করেই আমরা গণতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ। এই অঙ্গীকার থেকে এক চুলও সরে আসবো না। খালেদা জিয়া পরীক্ষা বানচালের জন্য নিষ্ঠুরতা করছেন আবার মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে বর্বরতা প্রদর্শন করছেন।”
