খালেদাকে ‘পোড়া মুখের কষ্ট’ অনুধাবনের আহ্বান
নিজের মুখে পোড়া দাগ থাকলে কেমন দেখাবে তা কল্পনা করে নাশকতায় দগ্ধদের কষ্ট অনুধাবন করতে বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ।
গত ২৮ দিনে অবরোধ-হরতালে নাশকতার শিকার মানুষকে দেখতে একবারও হাসপাতালে না যাওয়ায় বিএনপিনেত্রীর সমালোচনাও করেন তিনি।
সোমবার জাতীয় সংসদে এক অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে আ স ম ফিরোজ একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দগ্ধ এক ব্যক্তির স্ত্রীর প্রতিক্রিয়া তুলে ধরেন।
তিনি বলেন, গত ২৩ জানুয়ারি বোমায় শরীরের ৫৭ শতাংশ দগ্ধ হওয়া স্বামীকে দেখে তার স্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন- ‘যারা বোমা মেরেছে তাদেরকে পুড়িয়ে মেরে ফেল’।
আ স ম ফিরোজ বলেন, “কাদের পুড়াইয়া মাইরা ফেলার কথা তিনি বলেছেন? নিশ্চিই যারা ইন্ধন দেন তাদের বলেছেন। আমরা চাই না- খালেদা জিয়া বা তার দেহের কোনো অংশে এর রকম পোড়া দাগ লাগুক।
“বলতে লজ্জা হয়- খালেদা জিয়া যেভাবে বেশভূষা করেন ওইখানে কেউ যদি আঘাত করেন, তার পরিষ্কার মুখটা যদি অন্ধকারাচ্ছন্ন হয়, তার মুখে যদি কালো দাগ পড়ে তাহলে কী রকম দেখাবে তাকে!”
বিএনপিনেত্রী অবরোধের নামে বাংলাদেশের বিরুদ্ধেই ‘যুদ্ধ ঘোষণা করেছেন’ বলে মন্তব্য করেন পটুয়াখালীর সাংসদ ফিরোজ।
দগ্ধদের দেখতে হাসপাতালে না যাওয়ায় খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, “তিনি কি এখনো বার্ন ইউনিটে গিয়েছেন? একবার এসব লোককে দেখেছেন? তিনি কি নিউজ পড়েন না? বার্ন ইউনিটে কি আর্তনাদ হচ্ছে তিনি কি তা জানেন না?”
অবরোধের ২৮ দিনে সারা দেশে নাশকতার জন্য খালেদা জিয়াকে দায়ী করে তাকে আইনের আওতায় আনার আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা।
তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রীকে এ সংসদ থেকে অনুরোধ জানাব- খালেদা জিয়াকে আইনের আওতায় এনে তার বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশের মানুষ এ নাশকতা আর দেখতে চায় না, এর পরিসমাপ্তি চায়।”
আলোচনায় অংশ নিয়ে খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবি জানান সংরক্ষিত আসনের সাংসদ সাবিনা আক্তার তুহিন।
সরকার দলীয় সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসাইন বলেন, বিশেষ ট্রাইব্যুনাল করে এই নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আইনজীবী নেতা জয়নুল আবেদীন ১৩ ফেব্রুয়ারির মধ্যে সরকার পতনের যে ঘোষণা দিয়েছেন তা সংবিধান পরিপন্থি বলেও তিনি মন্তব্য করেন।
“এ কথা সংবিধান পরিপন্থি। জাতিকে এসব কথা বলে বিভ্রান্ত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।”
স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী নাশকতাকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিকালে ডেপুটি স্পিকার ফজলে রাব্বির সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর শেষে নামাজের বিরতির পর অনির্ধারিত আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা।
