২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতা ছাড়লে সংলাপ হতেও পারে: কামরুল

নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে অবরোধ চালিয়ে যাওয়া বিএনপিকে সংলাপের জন্য নাশকতা ছাড়ার শর্ত দিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 02:13 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

চলমান রাজনৈতিক অস্থিরতার অবসানে সংলাপের আহ্বানের প্রতিক্রিয়ায় সোমবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্যে এই শর্ত তুলে ধরেন তিনি।  

কামরুল বলেন, “আপনারা যারা সংলাপের কথা বলেন। বিএনপিকে বোঝান, তারা যেন নাশকতা ও সন্ত্রাসের পথ পরিহার করে। নাশকতা ও সন্ত্রাসের পথ পরিহার করলে তাদের সঙ্গে সংলাপ হলেও হতে পারে।”

গত ৫ জানুয়ারি থেকে চলমান অবরোধে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ভাবে বোমাবাজি ও গাড়িতে অগ্নিসংযোগ ঘটছে। এই সহিংসতায় ৪০ জনের বেশি মানুষ মারা গেছেন, যার বেশিরভাগই অগ্নিদগ্ধ হয়ে।

এই নাশকতার জন্য অবরোধ আহ্বানকারীদের দায়ী করে কামরুল বলেন, যতক্ষণ পর্যন্ত এই নাশকতা চলবে, ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে কোনো আলোচনা হবে না।   

পাকিস্তানি কূটনীতিকরা বাংলাদেশে নাশকতায় ইন্ধন জোগাচ্ছেন বলেও অভিযোগ করেন এই মন্ত্রী।

নাশকতার প্রতিবাদে আওয়ামী লীগের এই অবস্থান কর্মসূচিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াও বক্তব্য রাখেন।

এছাড়াও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন প্রমুখ।