২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাঠে নামায়’ অনীহা ফরিদপুর বিএনপি নেতাদের

বিএনপিসহ বিরোধী জোটের লাগাতার অবরোধ ও ফাঁকে ফাঁকে হরতাল কর্মসূচি চলাকালে ফরিদপুরে রাজপথে দলের নেতাকর্মীদের উপস্থিতি নেই।

ফরিদপুর প্রতিনিধি

মফিজুর রহমান শিপন,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2015, 07:38 PM

Updated : 22 Aug 2022, 11:32 AM

বিচ্ছিন্নভাবে গাড়ি ভাংচুর বা অগ্নিসংযোগের ঘটনা ছাড়া কোনো মিছিল কিংবা পিকেটিংয়ে অংশ নিতে দেখা যায়নি তাদের।

বিরোধী জোটের নেতাকর্মীরা রাস্তায় না থাকায় অবরোধ-হরতালেও জেলার জীবনযাত্রা একেবারেই স্বাভাবিক থাকছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী জানান, মামলা ও হয়রানির এড়াতে তারা কর্মীদের রাস্তায় নামার উৎসাহ দিচ্ছেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দলের নেতাকর্মীদের বাড়িতে প্রতিনিয়ত হানা দিচ্ছে পুলিশ। দলের গুরুত্বপূর্ণ অনেক নেতা জেলহাজতে।

“পুলিশের এই হয়রানির কারণেই অনেকে দলের কর্মসূচিতে সক্রিয় থাকতে পারছে না।”

তবে দলের তৃণমূলের কর্মীরা বলছেন ভিন্ন কথা, তাদের রাজপথের আন্দোলনে নামার আগ্রহ থাকলেও নেতাদের কোনো নির্দেশনা পাচ্ছেন না তারা।

তারা জানান, অধিকাংশ সময়ই নেতারা তাদের মোবাইল ফোন বন্ধ রাখছেন।

জেলা যুবদলের সহসভাপতি মাহাবুবুল হাসান পিংকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “আমাদের তৃণমূল নেতাকর্মীদের মাঠে নামার আগ্রহ থাকলেও জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকের অনীহার জন্যই কেউ মাঠে নামতে পারছেন না।”

একই অভিযোগ করলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েলও।

তিনি বলেন, “আমরা স্থানীয় পর্যায়ে কোনো কর্মসূচি দিলে সেখানে বিএনপির নেতাদের দেখা মেলে না। ফলে তৃণমূলের কর্মীরা হতাশ হয়ে পড়ছে।”

রাজনৈতিক শক্তি পরীক্ষার এ সময়ে বিএনপির নিষ্ক্রিয়তার বিপরীতে ফরিদপুরে সক্রিয় রয়েছে আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন মৃধা বলেন, “বিএনপির মানুষ পুড়িয়ে মারার রাজনীতি প্রত্যাখ্যান করেছে ফরিদপুরের মানুষ। তাই তাদের হরতাল কিংবা অবরোধে সাড়া মিলছে না।”