প্রধানমন্ত্রী ‘মিথ্যাচারে’: বিএনপি
নাশকতার জন্য খালেদা জিয়াকে দায়ী করে প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘মিথ্যাচার’ বলে তার প্রতিবাদ জানিয়েছে বিএনপি।
সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, “আমরা এহেন মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
বিএনপি জোটের ডাকা অবরোধে সহিংসতায় নিহতের ঘটনায় ক্ষোভ জানিয়ে শেখ হাসিনা মঙ্গলবার সংসদে বলেন, “ব্যক্তিগত কারণে উনি (খালেদা জিয়া) খুন করে যাচ্ছেন। খুনির বিচার যা হওয়া উচিত, সেই বিচার হবে।”
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে ২০ দলের অবরোধে নাশকতার দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, এসব ‘সন্ত্রাসী ও জঙ্গি কার্যকলাপ’।
রিজভী বলেন, “দেশনেত্রীকে গুলশানে তার নিজ কার্যালয়ে ১৬ দিন ধরে ইট, বালি ও কাঠের ট্রাকসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে অবরুদ্ধ করে রাখার পরও প্রধানমন্ত্রী জাতির সামনে বলেছেন, বেগম জিয়াকে অবরুদ্ধ করা হয়নি।
“ওই মিথ্যাচারের পর তিনি (প্রধানমন্ত্রী) ‘সারাদেশে অবরোধ কর্মসূচি দিয়ে বেগম খালেদা জিয়া মানুষ হত্যা করছেন, তাকে বিচারের মুখোমুখি করা হবে’ বলে যে হুঁশিয়ারি উচ্চারণ করছেন, তাতে জাতির কাছে আরেকটি মিথ্যাচারের অবতারণা করলেন।”
অবরুদ্ধ অবস্থা থেকে গত ৫ জানুয়ারি সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন। কার্যালয় থেকে পুলিশ সরিয়ে নেওয়ার পর গত সোমবার সংবাদ সম্মেলন করে তিনি কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।
বিক্ষিপ্ত বোমাবাজি ও গাড়ি পোড়ানোর মধ্যে চলমান এই অবরোধে নাশকতার জন্য ইতোমধ্যে ৩০ জন নিহত হয়েছেন। এজন্য সরকারকেই দায়ী করে আসছে বিএনপি।
রিজভী বলেন, “সরকার একদলীয় রাষ্ট্রব্যবস্থা কায়েম করার মাধ্যমে পরিকল্পিতভাবে দেশে নাশকতা সৃষ্টি করে তার দোষ বিরোধী দলের ওপর চাপাচ্ছে। তারা (সরকার) গণমাধ্যমগুলোকেও কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করছে।”
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের নেতা-কর্মীদের গ্রেপ্তারেরও নিন্দা জানান তিনি।
“প্রতিদিন বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, প্রতিদিন আইনশৃঙ্খলা বাহিনী ও সাদা পোশাকধারীরা তথাকথিত বন্দুকযুদ্ধের নামে কোনো না কোনো মায়ের বুক খালি করছে, এসব পৈশাচিক ও মানবতাবিরোধী অপকর্মগুলো কার নির্দেশে তামিল করা হচ্ছে, জনগণ তা জানে।”
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সমালোচনা করে বিএনপি নেতা বলেন, “কথিত বন্দুকযুদ্ধে বিএনপির নেতা-কর্মীদের হত্যার জন্য পুলিশকে সমর্থন দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি যেন হিটলারের সহযোগী নাৎসী আইকম্যানের ভূমিকা পালন করছেন। আদিম শিকারীরা যেমন শিকারকে বধ করার পর বন্য উল্লাসে মেতে উঠে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে সেই উল্লাসের প্রতিধ্বনি শোনা যায়।
“আমরা মনে করি, কেবল অবৈধ সরকারের সদস্যদের মুখে এরকম মানবতাবিরোধী বক্তব্য সাজে।”
একই সঙ্গে অবরোধ কর্মসূচিসহ বিভিন্ন স্থানে হরতালের কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
