২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৯ সালের পূর্বে কোনো সংলাপ নয়: নাসিম

শুধু নির্বাচন নয় ২০১৯ সালের আগে বিএনপির সঙ্গে সংলাপের কোনো সম্ভাবনা হবে না বলে জানিয়ে দিয়েছেন ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 08:42 PM

Updated : 12 Oct 2022, 03:11 PM

বিএনপিসহ বিরোধী জোটের টানা অবরোধে সহিংসতা ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর গাবতলী মাজার রোডে ১৪ দলের শান্তি মিছিলের আগে এক সমাবেশে একথা বলেন তিনি।

১৪ দলের সমন্বয়ক নাসিম, “২০১৯ সালের একদিন আগেও সংলাপ হবে না। ‘নো ইলেকশন, নো সংলাপ’। বেশী দিন বাকি নেই, আপনি (খালেদা জিয়া ) মাফ চেয়ে ঘরে ফিরে যাবেন।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার টানা অবরোধের ঘোষণার সমালোচনা করে তিনি বলেন, “আপনি কার বিরুদ্ধে অবরোধ ডেকেছেন? আপনি গরীব রিকশাওয়ালা, ট্রাক ড্রাইভার, খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে অবোধ ডেকেছেন।

“সামনে ‘বাটি চালান দিয়েও’ বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, “আপনার (খালেদা) লজ্জা হওয়া উচিত।  আপনার দেওয়া অবরোধে একটা কর্মীকেও দেখলাম না।”

অবরোধ সফল হয়নি বলে মন্তব্য করে খালেদাকে ঘরে ফিরে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “আগামী চার বছর মিছিল-সমাবেশ করুন। জনগণের মন জয় করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।”

ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট  অবরোধ ডেকেছে। কোথায় অবরোধ?

“সারা দেশে ট্রেনে, লঞ্চে মানুষ চলাচল করছে। কিছু গণপরিবহন চলছে না, কারণ গাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে।”

খালেদা জিয়ার উদ্দেশ্যে মেনন বলেন, “দেশের মানুষ আপনাদের সঙ্গে থাকলে গত এক মাসের অবরোধে রাস্তায় নামতো, অভ্যুত্থান হয়ে যেত। কিন্তু অভ্যুত্থান তো দূরের কথা দলের একটি নেতাকর্মীকেও রাস্তায় নামতে দেখা যায়নি।”

মিরপুরের সংসদ সদস্য আসলামুল হকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও খালিদ মাহমুদ চৌধুরী।