খালেদা মানুষ ‘হত্যার’ ঘোষণা দিলেন: হাছান মাহমুদ
অবরোধ অব্যাহত রাখার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ বলেছে, এর মধ্য দিয়ে খালেদা জিয়া কার্যত মানুষ হত্যার ঘোষণা দিলেন।
সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
বিরোধী জোটের এই কর্মসূচিতে গত ১৫ দিনে সহিংসতায় হতাহতের ঘটনা তুলে ধরে আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ সাংবাদিকদের দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “আমরা আশা করেছিলাম, খালেদা জিয়া জনগণের কাছে ক্ষমা চেয়ে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেবেন।
“কিন্তু তিনি তা না করে পেট্রোল বোমা মেরে ও সন্ত্রাস করে হরর মুভিতে যেমন মানুষ মেরে উল্লাস করে, তিনি তাই করার ঘোষণা দিয়েছেন।”
ধানমণ্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ সাংবাদিকদের আরও বলেন, “খালেদা জিয়ার অবরোধে সাধারণ মানুষ তো দূরের কথা, তার নিজ দলের নেতা-কর্মীরাও সাড়া দেয়নি। সাধারণ মানুষ তার ওপর বিক্ষুব্ধ।”
অবরোধে নাশকতার জন্য সরকারকে দায়ী করে খালেদার বক্তব্যের জবাবে তিনি বলেন, “জনগণের রোষাণল থেকে বাঁচতে খালেদা জিয়া মানুষ হত্যার দায় অন্যের ওপর চাপাচ্ছেন। এর আগেও তিনি ও তার দল মিথ্যা বিবৃতি দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছেন। বিশ্ব সম্প্রদায়ের কাছে জালিয়াত হিসেবে চিহ্নিত হয়েছেন।”
রাজনীতির নামে প্রতিটি মানুষ হত্যার বিচার ‘সঠিক’ সময়েই হবে, বলেন সাবেক মন্ত্রী হাছান।
তিনি জানান, খালেদার বক্তব্যের প্রতিক্রিয়া আনুষ্ঠানিকভাবে জানাতে আওয়ামী লীগের পক্ষ থেকে মঙ্গলবার সকাল ১১টায় সংবাদ সম্মেলন করবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
