মাদারীপুরে ছাত্রদলের ডাকা হরতাল প্রত্যাহার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের মাকে আটকের প্রতিবাদে মাদারীপুরে মঙ্গলবার ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করেছে ছাত্রদল।
সোমবার এক বিবৃতিতে জেলা ছাত্রদলের সভাপতি মোফাজ্জেল হোসেন মফা ও সাধারণ সম্পাদক অহিদুজ্জামান খান স্বাক্ষরিত এক বিবৃতিতে হরতাল ডাকার কয়েক ঘণ্টা পরই তা প্রত্যাহার করা হয়।
শনিবার রাতে নৌ পরিবহন মন্ত্রীর পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান সার্বিক পরিবহনের একটি বাস ভাংচুর হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে রোববার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান খান অহিদকে না পেয়ে বাড়ি থেকে তার মা নূর জাহান বেগমকে আটক করে পুলিশ।
অহিদের মাকে আটক ও দলের চেয়ারপার্সনকে ‘অবরুদ্ধের’ প্রতিবাদে মঙ্গলবার জেলায় হরতাল ডাকে ছাত্রদল।
