সরকার পতনের জনসমর্থন বিএনপির নেই: মুহিত
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিএনপি সরকারের পতন চাইলেও তার এই দাবির পক্ষে জনসমর্থন নেই।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের লাগাতার অবরোধ নিয়ে রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, “সরকার পতনের জন্য যে জনসমর্থন দরকার, এর এতটুকুও বিএনপির এই মুহূর্তে নেই।”
গত ৫ জানুয়ারি খালেদা জিয়া অবরোধ ডাকার পর বিক্ষিপ্ত সহিংসতার মধ্য দিয়ে তা চলছে। অবরোধে পণ্য পরিবহণ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি বাণিজ্যিক ক্ষতি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে ব্যবসায়ীরা।
মুহিত বলেন, এ অবরোধ-হরতাল দেশের অর্থনীতির জন্য বিপজ্জনক ও ক্ষতিকর। এটা শুধু অর্থনীতির জন্যই ক্ষতিকর নয়, জীবনও কেড়ে নিচ্ছে।
“এভাবে চলতে পারে না। এর একটা বিহিত হওয়া উচিত।”
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়ে আসা বিএনপিকে আন্দোলনের কৌশল পরিবর্তন করার পরামর্শও দেন অর্থমন্ত্রী।
