বিএনপিকে নির্মূল করা হবে: কামরুল
বিএনপি আইএস ও আল কায়দার মতো জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে দাবি করে দলটিকে ‘নির্মূলের’ ঘোষণা দিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক সভায় এই ঘোষণা দেন তিনি।
চলমান রাজনৈতিক সঙ্কটের মধ্যে বিএনপির সঙ্গে আলোচনার সম্ভাবনাও নাকচ করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক কামরুল।
“জাতিসংঘ আমাদের আহ্বান জানিয়েছে, তাদের (বিএনপির) সাথে সংলাপ করতে। আইএস ও লাদেনের সঙ্গে আপনারা (জাতিসংঘ) কোনো আলোচনা করেননি। তাদেরকে যে প্রক্রিয়া নির্মূল করা হয়, বাংলাদেশে যারা লাদেন মার্কা রাজনীতি করছেন, তাদের বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হবে।”
বিএনপিকে ‘সন্ত্রাসী দল’ আখ্যায়িত করে কামরুল বলেন, “যে প্রক্রিয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা হয়, সেই প্রক্রিয়া আমরা অনুসরণ করব।”
সভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, “আর কোনো সন্ত্রাস ও ষড়যন্ত্র সহ্য করা হবে না। এ জন্য আমরা নাগরিক কমিটি করছি। ১৪ দলকে সঙ্গে নিয়ে এসব কমিটি পাড়া-মহল্লায় সন্ত্রাস নির্মূল করবে।”
আগামী ২০ জানুয়ারি বিকালে রাজধানীর গাবতলীতে ১৪ দলের সমাবেশ হবে বলে জানিয়ে তিনি বলেন, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে আরও কয়েকটি সমাবেশও হবে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফয়েজউদ্দিন মিয়া, হাজী মোহাম্মদ সেলিম, শাহে আলম মুরাদ, আব্দুল হক সবুজ।
