চট্টগ্রামের বিএনপি নেতাদের আগাম জামিন
ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সাত বিএনপি নেতা।
রোববার বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও কেশেফা হোসেনের বেঞ্চ তাদের চার সপ্তাহের আগাম জামিন দেন বলে জানান তাদের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা।
আমীর খসরু ছাড়া জামিন পাওয়া অন্যন্যরা হলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক বন ও পরিবেশ মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সহ-সভাপতি আবু সুফিয়ান, শামসুল আলম, আমীর খসরুর ব্যক্তিগত সহকারী মো. সেলিম ও শাহাদাতের ব্যক্তিগত সহকারী মো. মারুফ।
ব্যারিস্টার শাকিলা ফারজানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রামের কোতোয়ালী থানায় পুলিশের করা ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় তারা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন।
“আদালত আগামী চার সপ্তাহের জন্য তাদের জামিন মঞ্জুর করেন।”
গত ৫ জানুয়ারি বিকালে চট্টগ্রামে পুলিশের সাথে বিএনপি- জামায়াতকর্মীদের সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় কোতোয়ালী থানার এসআই একরাম উল্লাহ বাদি হয়ে পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ, ভাংচুর, সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক আইনে একটি মামলা করেন।
মামলায় নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, উত্তর জেলার আহবায়ক আসলাম চৌধুরী, দক্ষিণ জেলার সহ-সভাপতি এনামুল হক এনামসহ ৮৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়।
ওইদিন সংঘর্ষের পরপরই সন্ধ্যায় পুলিশ নগরীর কাজির দেউড়ি এলাকায় নাসিমন ভবনের বিএনপি দলীয় কার্যালয়ের আশেপাশের এলাকায় অভিযান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী ও দক্ষিণ জেলা বিএনপির সহ সভাপতি এনামুল হক এনামসহ প্রায় আড়াইশ নেতাকর্মীকে গ্রেপ্তার করে।
