দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চায় খালেদা: মহিউদ্দিন
অবরুদ্ধ হওয়ার ‘নাটক’ করে সহিংসতার মাধ্যমে বাংলাদেশের অগ্রগতিকে খালেদা জিয়া রুখে দিতে চান বলে দাবি করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
শনিবার বিকালে নগরীর লালদিঘী মাঠে বঙ্গবন্ধুর ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বক্তব্যে এই দাবি করেন তিনি।
ফাইল ছবি
প্রধান অতিথির লিখিত বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী বিএনপিকে সতর্ক করে বলেন, “একদিকে অবরুদ্ধ হওয়ার নাটক, অন্যদিকে সহিংসতা করে দেশের অগ্রগতিকে রুখে দিতে মরিয়া খালেদা জিয়া।
”সরকার যখন সর্বশক্তি দিয়ে দেশের উন্নয়নে কাজ করছে বিএনপি সে সময় সর্বশক্তি দিয়ে উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য লাগাতার অবরোধ ও হরতাল দিয়ে যাচ্ছে।”
জঙ্গিবাদ ও মৌলবাদ ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সরকারের শক্ত অবস্থানের কথাও জানান ক্ষমতাসীন দলের এই নেতা।
তিনি বলেন, স্বাধীনতার শত্রু, উন্নয়নের শত্রু ও প্রগতিশীলতার শত্রুদের সাথে বিএনপি গাটছড়া বেঁধেছে। তাই জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।
সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক জ্যোতিপ্রকাশ দত্ত বলেন, বঙ্গবন্ধু ছিলেন তার সময়ের শ্রেষ্ঠ জাতীয়তাবাদী নেতা। তার জাতীয়তাবাদী তত্ত্ব সেসময়ের বিশ্ব নেতাদের মোহিত করেছিল।
সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির বলেন, ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতাবিরোধীদের চিরতরে এ দেশ থেকে উৎখাত করতে হবে।
নগর আওয়ামী লীগের জেষ্ঠ্য সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দিদারুল আলম চৌধুরী, নগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু, নগর ছাত্রলীগের সভাপতি ইমরুল আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।
